স্মার্টএন্ডো নামে অ্যাপ চালু, ৩-৫ মিনিটে এন্ডোমেট্রিওসিসের প্রাথমিক ঝুঁকি নির্ণয়
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে নারীর প্রজনন স্বাস্থ্যের একটি অবহেলিত ও নিরব কষ্ট, কিন্তু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো এন্ডোমেট্রিওসিস। এটি একটি দীর্ঘস্থায়ী, হরমোন-নির্ভর রোগ, যা ঋতুকালীন তীব্র ব্যথা, বন্ধ্যত্ব এবং জীবনমানের উল্লেখযোগ্য অবনতি ঘটাতে পারে।
বিশ্বব্যাপী প্রজননক্ষম বয়সী প্রতি ১০ জন নারীর প্রায় একজন এই রোগে আক্রান্ত। ব্যাপকতা সত্ত্বেও এ রোগ নির্ণয়ে সাধারণত ৬ থেকে ১০ বছর পর্যন্ত বিলম্ব ঘটে, যা একটি বড় ক্লিনিক্যাল ও জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জ সৃষ্টি করে।
এই প্রেক্ষাপটে আজ সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশে এন্ডোমেট্রিওসিসের প্রাথমিক ঝুঁকি নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা-সমৃদ্ধ স্ক্রিনিং টুলের উন্নয়ন ও ভ্যালিডেশন’ শীর্ষক একটি ফলাফল উপস্থাপন ও ডিসেমিনেশন সেমিনার।
বাংলাদেশ এন্ডোমেট্রিওসিস এবং এডিনোমায়োসিস সোসাইটির এই আয়োজনে দেশের দেশের খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক এবং নীতিনির্ধারক উপস্থিতিতে এই গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়, যা ডিজিটাল স্বাস্থ্যসেবায় এক নতুন মাইলফলক।
গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্ক্রিনিং টুল তৈরি ও যাচাই করা হয়েছে, যা প্রাথমিক পর্যায়ে এন্ডোমেট্রিওসিসের ঝুঁকি নির্ধারণে সহায়ক হতে পারে। এই স্মার্ট টুলটি রোগীর উপসর্গ, ক্লিনিক্যাল তথ্য এবং ঝুঁকির কারণ বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকির মাত্রা নির্ধারণ করতে সক্ষম।
স্মার্টএন্ডো ৯১.০ ভাগ সংবেদনশীলতা, ৯৪.৮ ভাগ সুনির্দিষ্টতা এবং ৯৩.০ ভাগ সামগ্রিক নির্ভুলতা অর্জন করেছে। অ্যাপটি বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই ব্যবহার করা যাবে। এটি ব্যবহার করে ৩-৫ মিনিট সময়ের মধ্যেই যাচাই করা যাবে যে, ব্যবহারকারীর এন্ডোমেট্রিওসিস হওয়ার ঝুঁকি আছে কিনা।
সেমিনারে বক্তারা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিশেষ স্ক্রিনিং টুল 'স্মার্টএন্ডো' ব্যবহারের মাধ্যমে নারীরা মাত্র ৩ থেকে ৫ মিনিটের মধ্যেই নিজেদের ঝুঁকির মাত্রা যাচাই করতে পারবেন। এর ফলে এন্ডোমেট্রিওসিসের মতো জটিল সমস্যা দ্রুত রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা গ্রহণের পথ প্রশস্ত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। গবেষণা দলের প্রধান অধ্যাপক ডা. সামিনা চৌধুরী বলেন, ‘বাংলাদেশে এন্ডোমেট্রিওসিস নির্ণয়ে গড়ে বহু বছর সময় লেগে যায়। আমাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টুলটি প্রাথমিক পর্যায়ে ঝুঁকি শনাক্ত করতে পারলে দ্রুত রেফারেল ও চিকিৎসা শুরু করা সম্ভব হবে।’
অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাইনটিফিক পার্টনার হিসেবে যুক্ত ছিল এবং সংশ্লিষ্ট সোসাইটির সঙ্গে যৌথভাবে অ্যাপটি উন্নয়ন ও ট্রায়াল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এমইউ/