২৭ মার্চ, ২০২৬ ০৯:৩৬ পিএম

গোপালগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ

গোপালগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ
প্রতিকি ছবি

মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রাসেল বিশ্বাস (২৫) নামে এক রোগীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা ১৫ মিনিটে হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাসের (২৫) জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচা পান্না বিশ্বাসের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেলকে নিজ বাড়িতে মারধর করে আহত করে। পরে আজ সকালে তিনি কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হলে সেখানে এসে প্রতিপক্ষের লোকজন দ্বিতীয় দফায় হামলা চালায়।

হামলায় শ্রাবণ, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস রাসেল অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।

হাসপাতালে রোগীকে হামলার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কুমার মৃদুল দাস মেডিভয়েসকে বলেন, ‘সকালে ৮টার দিকে রাসেল বিশ্বাস হাসপাতালে এসে ভর্তি হলে জরুরি বিভাগের চিকিৎসকরা চিকিৎসা দেওয়া শুরু করেন। কিছুক্ষণের মধ্যে বিরোধী গ্রুপ হাসপাতালে এসে রোগীর ওপরে অতর্কিত হামলা চালায়। ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের হামলায় রোগীর বাম হাত, বাম থাই, ফোরাম থাই, মূখসহ বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।’

হাসপাতালে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে দুইজন নিরাপত্তা কর্মী ছিল। একজন অস্ত্রধারী অন্যজন নিরস্ত্র। ঘটনার সময় পরিস্থিতি সামাল দিতে না পেরে অসহায়ের মতো ছিল। হাসপাতালের পক্ষ থেকে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউএনও, ওসিকে জানালে তারা তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স পাঠায়ে পরিস্থিতি শান্ত করে।’

আহতের মেজো ভাই রবিউল বিশ্বাস মেডিভয়েসকে বলেন, ‘কাউসার বিশ্বাস হলো অস্ত্র ব্যবসায়ী। তার ও শাওন বিস্বাসের সরকারি চাকরি ও টাকার প্রভাব দেখিয়ে আমাদের মারধর ও হামলা হুমকি দিতো। দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে চাচা পান্নার সঙ্গে বিরোধ ছিল। এর জেরে গতকাল (বৃহস্পতিবার) রাতে আমার ভাইকে মারধর করা হয়। পরে সকালে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা চলাকালীন মুহূর্তে শ্রাবণ, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস (পাঁচজন) এসে দা দিয়ে অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছে। উন্নত চিকিৎসার জন্য রাসেলকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে রাসেলের অবস্থা আশঙ্কাজনক।’

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান মেডিভয়েসকে বলেন, ‘ঘটনাটি শুনে আমাদের পুলিশ ফোর্স স্বাস্থ্যকেন্দ্রে ছুটে গিয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো আমরা কোনো অভিযোগ পাইনি।’

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক