‘কক্সবাজারে বিশেষায়িত স্বাস্থ্য অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে’
মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার স্বাস্থ্য পর্যটনের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের গবেষক ড. জিয়াউদ্দিন হায়দার।
রোববার (৮ মার্চ) বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারে স্বাস্থ্য পর্যটন উন্নয়নকল্পের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘কক্সবাজারের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজিয়ে এখানে বিশেষায়িত স্বাস্থ্যসেবা বা স্পেশালাইজড হেলথ কেয়ার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে শুধু স্থানীয় মানুষই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ চিকিৎসার জন্য কক্সবাজারে আসবেন।’
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালের মাধ্যমে সেকেন্ডারি (বিশেষজ্ঞ চিকিৎসক বা হাসপাতালের সেবা)
ও টার্শিয়ারি (উচ্চতর ও বিশেষায়িত চিকিৎসা সেবা) স্বাস্থ্যসেবাও উন্নত করা হবে। তবে চূড়ান্ত লক্ষ্য হলো কক্সবাজারকে একটি বিশেষায়িত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
তার মতে, ‘আগামী দশ থেকে ১৫ বছরের মধ্যে কক্সবাজারে পর্যটনের পাশাপাশি স্বাস্থ্যসেবা নির্ভর পর্যটনও গড়ে তোলা সম্ভব। চোখ, কিডনি ও হার্টসহ বিভিন্ন রোগের চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্যের জন্য আধুনিক কেন্দ্র ও যোগ (ইয়োগা) সেন্টার প্রতিষ্ঠা করা যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা ও পর্যটন একে অপরকে শক্তিশালী করবে। এতে পর্যটকের সংখ্যা বাড়বে, অর্থনীতি শক্তিশালী হবে এবং সবচেয়ে বেশি লাভবান হবেন স্থানীয় মানুষ।’
এই লক্ষ্য বাস্তবায়নে কক্সবাজারে একটি বিশেষায়িত স্বাস্থ্য অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। তার মতে, সঠিক পরিকল্পনা ও সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে কক্সবাজার শুধু পর্যটন নয়, স্বাস্থ্যসেবার অন্যতম কেন্দ্র হিসেবেও পরিচিত হবে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এশিয়ান উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ রেসিডেন্ট মিশনের সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ রুই লিউ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী, ব্র্যাকের স্বাস্থ্য খাতের প্রোগ্রাম সমন্বয়ক ডা. এস এম হাসানুজ্জামান, একই সংস্থার মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচি (এইচসিএমপি) এর প্রশাসনিক বিভাগের প্রধান মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত জেলার সাংবাদিকবৃন্দ অংশ নেন। এতে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ) তাসনীম জাহান বক্তব্যের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমআই/