০৮ মার্চ, ২০২৬ ০৮:৫১ পিএম

বিএমইউতে অফিসার্স অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত

বিএমইউতে অফিসার্স অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইয়াহিয়া খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস, বিএমইউর প্রক্টর ও বিএমইউ ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদ, বিএমইউ ড্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মো. শাহিদুল হাসান বাবুল, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. মাসুদ রানা ও অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন।

বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, ৫ আগস্টের পর পরিবর্তিত সময়ে দীর্ঘ ১৭ বছর ধরে যে কর্মকর্তা-কর্মচারীরা বঞ্চিত ছিলেন, তাঁদের বঞ্চনার অনেকাংশেরই সমাধান হয়েছে; অনেকেরই পদোন্নতি হয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ক্ষমতায় রয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন সময় দেশকে এগিয়ে নেওয়ার। তবে বিগত সময়ের সুবিধাভোগীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ভালো ও খারাপ চিনতে ও বুঝতে হবে। ন্যায়ের পক্ষে থেকে ভেদাভেদ ভুলে বিএমইউকে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণায় বিশ্বের বুকে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করতে হবে।

অন্য বক্তারা বলেন, বিএমইউকে দুর্নীতিমুক্ত করতে হবে। বর্তমান বিএনপি সরকার স্বাস্থ্যখাতে যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে, সেগুলো বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। পবিত্র রমজান মাসের আদর্শ ধারণ করে সততার সঙ্গে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিএমইউ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত