নিউরোসায়েন্সেসের ডা. বশীর আহম্মেদকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিন্স) নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. বশীর আহম্মেদকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাকে সংযুক্ত করা হয়েছে হবিগঞ্জ মেডিকেল কলেজে।
সোমবার (২১ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক আবাসিক সার্জন ডা. মো. বশীর আহম্মেদকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি এবং হবিগঞ্জ মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।’
সূত্রে জানা গেছে, ডা. মো. বশীর আহম্মেদের বিরুদ্ধে সরকারি হাসপাতালের রোগী বেসরকারিতে পাঠিয়ে কমিশন গ্রহণের অভিযোগ উঠে। এ নিয়ে আমার দেশ প্রত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, নিউরোর জটিলতা নিয়ে দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীদের সরকারি হাসপাতালে শয্যা সংকটের কথা বলে বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেন প্রতিষ্ঠানটির নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. মো. বশীর আহম্মেদ।
একাধিক ভুক্তভোগীর বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারি হাসপাতালে ভর্তি হতে দেরি হবে বা দ্রুত অস্ত্রোপচার না করলে রোগীর মৃত্যু হতে পারে—এমন ভয় দেখিয়ে শান্তিনগর, আগারগাঁও ও ধানমন্ডির বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয় রোগীদের। সেখানে অস্ত্রোপচারের খরচ সরকারি খরচের দ্বিগুণ বা তারও বেশি।
সংবাদ প্রকাশের পর ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এক সপ্তাহ তদন্তের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় ডা. বশীরকে ওএসডি করা হলো।
এর আগে গত ২৪ মার্চ নিন্সের নিউরোসার্জন বিভাগের আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ক্লিনিক্যাল নিউরোসার্জারি বিভাগের এই কনসালট্যান্ট।
►স্বাস্থ্যসেবা বিভাগের ওএসডির প্রজ্ঞাপন
এমইউ/