০৯ অগাস্ট, ২০২৫ ০১:০৫ পিএম

চট্টগ্রামে এমটিএফের ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রামে এমটিএফের ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্যারিয়ার গাইডলাইন ও বিদেশে জব লাইসেন্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টায় নগরীর পার্কভিউ হাসপাতালের অডিটোরিয়ামে মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের (এমটিএফ) উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এমটিএফ চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি মো. তওহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. জাকির হোসেনের সঞ্চালনায়  সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি আব্দুস সামাদ।

তিনি বলেন, অন্যান্য ডিপ্লোমাধারীদের তুলনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবমুল্যায়ন করা ও যথাযথভাবে কাজে না লাগানোর কারণে স্বাস্থ্য সেবায় সংশ্লিষ্ট পেশাজীবীরা যেমন বৈষম্যের স্বীকার হচ্ছে, তেমনি সরকার রাজস্ব আদায়ের সুযোগ হাতছাড়া করছে। অনতিবিলম্বে পদমর্যাদা দশম গ্রেডে উন্নীত করা, নতুন নিয়োগ চালু করা এবং সার্বক্ষণিক রোগ নির্ণয় সেবা চালু রাখার অনুরোধ জানান তিনি।

এমটিএফের সেক্রেটারি জেনারেল মো. সোহেল রানা বলেন, দক্ষ জনবলের মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিত করতে কাউন্সিল গঠন, মাস্টার্স কোর্স চালু এবং মেডিকেল টেকনোলজি অফিসার পদ সৃষ্টি করে পরীক্ষা-নিরীক্ষার কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করতে হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক ডা. খায়রুল কবির বলেন, মেডিকেল টেকনোলজিস্টদের মানোন্নয়ন ও যথাযথ কাজে লাগালে মানসন্মত সেবা নিশ্চিত করা যাবে এবং কয়েকগুন রাজস্ব আদায় বাড়ানো যাবে। সে সাথে এটিকে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাতে পরিণত করাও সম্ভব।

ডা. এহসান কবির বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বিদেশে জব লাইসেন্সের মাধ্যমে বেকারত্ব দূর করা ও তারা যেন সম্মানজনক জীবিকা অর্জন করতে পারে, এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নুরুজ্জামান হাওলাদার সোহেল, রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিপন সিকদার, অর্থ সম্পাদক নাজমুল হুদা ও মানবসম্পদ উন্নয়ন সেক্রেটারি সালেহীন আবেদীন তানিম প্রমুখ।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত