২৯ জুন, ২০২৫ ০৩:৪৯ পিএম

গোপালগঞ্জ মেডিকেল কলেজে বোনস ব্যাংকের যাত্রা শুরু

গোপালগঞ্জ মেডিকেল কলেজে বোনস ব্যাংকের যাত্রা শুরু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জ মেডিকেল কলেজে (জিএমসি) ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে জিএমসি বোনস ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (২৮ জুন) কলেজের বয়েজ হোস্টেলে এক অনাড়ম্বর আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন কারা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক কালচারাল সোসাইটির পরিচালক তাসনিম হাসান সিয়াম ও সহকারী পরিচালক তানিমুল ইসলাম নিশাদ, বোনস ব্যাংকের পরিচালক আবু বকর সিয়াম এবং সংগঠনের অন্যান্য সদস্যরা। শুরুতেই তিনজন শিক্ষার্থীকে বোনস প্রদান করা হয়। এদের মধ্যে প্রথম বর্ষের একজন পুরুষ শিক্ষার্থীকে সরাসরি হোস্টেলে বোনস সরবরাহ করা হয় এবং দুইজন নারী শিক্ষার্থীর বোনস পৌঁছে দেওয়া হয়।

বোনস ব্যাংকের এই কার্যক্রম বাস্তবায়নে সহায়তা ও পরামর্শ দিয়েছেন ইসলামিক কালচারাল সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ইএনটি) ডা. মো. গোলাম সরোয়ার।

আয়োজকদের মতে, বোনস ব্যাংকের মূল লক্ষ্য হলো মেডিকেল শিক্ষার্থীদের জন্য মানবদেহের হাড়কে সহজলভ্য ও নৈতিক উপায়ে প্রাপ্তিযোগ্য করা। তারা মনে করেন, মানবদেহের অঙ্গ কোনো ব্যবসায়িক পণ্য নয়। শিক্ষার প্রয়োজনে এর যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে নৈতিকতা ও সহমর্মিতার চর্চা করাটাই জরুরি বলে জানান তারা।

এ ছাড়া নামূল্যে, শর্তসাপেক্ষে বোনস সরবরাহ এবং ব্যবহারের পর তা ফেরত দেওয়ার এই ব্যবস্থা শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা। সংগঠনটির লক্ষ্য— ‘মানবদেহকে সম্মান জানিয়ে, জ্ঞানের পথে সবাইকে একসঙ্গে এগিয়ে নেওয়া।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত