২৫ জুন, ২০২৫ ০৪:৩১ পিএম

ঠোঁট ও তালু কাটা শিশুদের মুখে হাসি ফোটাতে ঢাকায় মেডিকেল মিশন

ঠোঁট ও তালু কাটা শিশুদের মুখে হাসি ফোটাতে ঢাকায় মেডিকেল মিশন
ছবি: সংগৃহীত

সাইদুল ইসলাম সাঈদ: ঠোঁট ও তালু কাটার মতো জন্মত্রুটিযুক্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদানে ঢাকায় ছয় দিনের ‘মেডিকেল মিশন’ শুরু করেছে আন্তর্জাতিক সংস্থা স্মাইল এশিয়া। শিশুদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতে নেওয়া এই মিশনে সহযোগিতায় রয়েছে বাংলাদেশি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন।

আজ মঙ্গলবার (২৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান রাজধানীর ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন’ নামের এই কর্মসূচি উদ্বোধন করেন।

আন্তর্জাতিক সংস্থা স্মাইল এশিয়া মূলত মুখের নানা ধরনের বিকৃতির চিকিৎসা কাজ করে। সংস্থাটির ৩৯ সদস্যের একটি প্রতিনিধি দল মিশনে চিকিৎসা প্রদান করবেন। এর মধ্যে রয়েছেন ১২টি দেশের ৩২ জন চিকিৎসক, নার্স ও থেরাপিস্ট।

মাঠ পর্যায় থেকে বাছাইকৃত ১১৫ জন শিশুর মধ্য থেকে মিশনের প্রথম দিন শারীরিক ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ১০০ জনের মতো শিশু নির্বাচন করা হয়েছে। পরবর্তী দিনগুলোতে তাদের অস্ত্রোপচার করা হবে। কাটা ঠোঁটের জন্য যেসব শিশুর অস্ত্রোপচার করা হবে, তাদের বয়স তিন মাস থেকে ১০ বছর এবং কাটা তালুর শিশুদের বয়স নয় মাস থেকে ১০ বছর।

উদ্বোধনকালে প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, সরকারি স্বাস্থ্যসেবা খাত এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা রোগীদের আরও উন্নত সেবা প্রদানে সহায়ক হবে। বর্তমান সরকারকে একটি কল্যাণমূলক সরকার হিসেবে আখ্যায়িত করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

চিকিৎসা ক্ষেত্রে যারা অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, তাদের পথ অনুসরণ করে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের জন্য চিকিৎসা পেশাজীবীদের প্রতি আহ্বান জানান এই জ্যেষ্ঠ সচিব। এছাড়া তিনি সময়ের অপচয় এড়াতে এবং সময়মতো কাজ সম্পন্ন করতে যেকোনো প্রকল্পের প্রথম দিন থেকেই কাজ শুরু করার জন্য সেবা খাতের সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, জনগণকে আরও ভালো সেবা দেওয়ার জন্য সরকার-এনজিও সহযোগিতা অব্যাহত থাকবে। সরকারি কর্মচারী হাসপাতাল দেশের সেরা হাসপাতালগুলোর মধ্যে একটি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজ্জা কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্মাইল এশিয়ার মহাসচিব অভিমন্যু তালুকদার এবং সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. আ. রাজ্জাক সরকার।

পরে ঠোঁটকাটা ও তালুকাটা রোগী এবং সেবা বুথ পরিদর্শন করে মেডিকেল টিমের সদস্যদের সঙ্গে কথা বলেন অতিথিরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বজুড়ে প্রতি ৭০০ শিশুর মধ্যে একজন ঠোঁট ও তালু কাটা রোগে আক্রান্ত হয়। আর বাংলাদেশে প্রতি বছর পাঁচ হাজারেরও বেশি শিশু এই বিকৃতি নিয়ে জন্মগ্রহণ করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যসেবা বিভাগ
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক