২৭ মে, ২০২৫ ০৩:৫২ পিএম

শেবাচিম শিক্ষার্থীর আত্মহত্যা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শোক

শেবাচিম শিক্ষার্থীর আত্মহত্যা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শোক
সজীব বাড়ৈ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র সজীব বাড়ৈর আত্মহত্যায় শোক প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তার অকালমৃত্যুতে চিকিৎসা জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৬ মে) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদদীন আহমদ এই শোকবার্তায় সই করেন।

শোকবার্তায় বলা হয়, ‘শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) ছাত্র সজীব বাড়ৈর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ আমরা সকলে গভীরভাবে মর্মাহত। একজন প্রতিশ্রুতিশীল, মেধাবী ও ভবিষ্যৎ চিকিৎসককে আমরা হারালাম।’

এতে বলা হয়, ‘তার এই অকালপ্রয়াণ চিকিৎসা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। বরিশালের আগৈলঝড়া উপজেলার বাকাল গ্রামনিবাসী সজীব বাড়ৈ পিতা-মাতা ও দুই ভাই নিয়ে গঠিত একটি সংগ্রামী পারিবারিক জীবনের অংশ ছিলেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

‘সজীব বাড়ৈর স্মৃতি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে’—বলা হয় শোকবার্তায়।

এর আগে গত ১৯ মে আত্মহত্যার চেষ্টা করেন সজীব বাড়ৈ। ২৪ মে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে সজীব বাড়ৈর মৃত্যুর পর মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক প্যাথলজিস্ট ডা. কাজী মো. আসাদুজ্জামানকে দায়ী করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আসাদুজ্জামানের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তি চেয়ে স্মারকলিপিও দেন তারা। পরে ওই শিক্ষকের অপসারণ চেয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে চিঠি দেন শেবাচিম অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত