১৩ মে, ২০২৫ ১২:১৪ পিএম

জুলাই যোদ্ধাদের শ্রেণিবিন্যাসে ত্রুটি, সংশোধনের নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের শ্রেণিবিন্যাসে ত্রুটি, সংশোধনের নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই আন্দোলনে আহত অনেককে ভুলক্রমে অন্য ক্যাটাগরিতে রাখা হয়েছে জানিয়ে সিভিল সার্জনদের তা সংশোধনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। অনেকে দুই চোখ হারিয়েও সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই ত্রুটিগুলো আপনাদের ঠিক করতে হবে।’

সোমবার (১২ মে) বিকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুইদিনব্যাপী চলমান সিভিল সার্জন সম্মেলনের প্রথমদিনে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের কার্য অধিবেশনে তিনি এসব কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, ‘সিভিল সার্জন সম্মেলন থেকে আমাদের নতুন করে যাত্রা শুরু হলো। আমাদের যতটুকু সক্ষমতা আছে তাই দিয়ে সেবার মান যেন আরও বাড়ানো যায়, সেদিকে জোর দিতে হবে।’

মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান থাকতে হবে।’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান সিভিল সার্জনদের উদ্দেশে বলেন, ‘স্বাস্থ্যসেবা একটি সম্মিলিত উদ্যোগ। আপনারা টিম হিসেবে কাজ করবেন। মাঠ পর্যায় থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যায়ে অনলাইন মিটিং চালু করতে হবে, যেন যেকোনো মুহূর্তে কোথায় কী হচ্ছে তা জানা যায় এবং দ্রুত রেসপন্স দেওয়া সম্ভব হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেক টাকা ব্যয় করে ভ্যাকসিন কিনেছি। তাই ভ্যাকসিন পরিবহনের (ট্রান্সপোর্ট) সুবিধা নিশ্চিত করতে হবে, যেন ভ্যাকসিন নষ্ট না হয় এবং অপচয় রোধ করা যায়। এছাড়া, আমাদের হাসপাতালগুলোতে এখনও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত হয়নি—এই বিষয়েও আমাদের নজর দিতে হবে।’

‘সেবা খাতের মান উন্নয়নে আমাদের সেবার মান দিয়েই ফলাফল মূল্যায়ন করতে হবে’—যোগ করেন তিনি।

কার্য অধিবেশনে সারা দেশের সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালকরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং প্রস্তাব তুলে ধরেন। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথম সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

টিআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক