বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে স্বল্প পরিসরে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) হাসপাতালের তৃতীয় তলায় আইসিইউ ইউনিট উদ্বোধন করেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।
উদ্বোধনকালে অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতে বর্তমান প্রশাসন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল বাধা অতিক্রম করে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর কাজ সম্পন্ন করা হবে। হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে রোগীদের বিদেশ চিকিৎসা করাতে যাওয়ার প্রবণতা কমে আসবে।
বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম তার বক্তব্যে চিকিৎসক ও নার্সদের উদ্দেশ্যে রোগীদের প্রতি আরো ভালো আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, রোগীরা যেনো উন্নত চিকিৎসাসেবা পায় এবং তারা যেনো চিকিৎসা নিয়ে সন্তুষ্ট হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সুপার স্পেশালাইজড হাসপাতালে রেডিওলজি অ্যান্ড ইমেজিং সংক্রান্ত যেকোনো সেবা প্রয়োজন অনুযায়ী দ্রুততার সাথে নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সুপার স্পেশালাইজ হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে চালু করা আইসিইউতে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে রয়েছে প্রশিক্ষিত দক্ষ নার্স, যা আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে।
এ সময় সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. সাইফ উলাহ মুন্সী, অ্যানেস্থিশিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. মন্তোষ কুমার মন্ডল, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসান ও ডা. মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআইএস/এনএআর/
-
০৮ জুন, ২০২৬
-
১৭ মে, ২০২৬