২২ এপ্রিল, ২০২৫ ০৫:২১ পিএম

সোহরাওয়ার্দী হাসপাতালে এনডিএফের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

সোহরাওয়ার্দী হাসপাতালে এনডিএফের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা পেশায় সফল হতে শুধু ক্লিনিক্যাল দক্ষতাই যথেষ্ট নয়, সঠিক ক্যারিয়ার প্ল্যানিংও জরুরি। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ও ইন্টার্ন রিসেপশন প্রোগ্রাম’ অনুষ্ঠানে এসব কথা উঠে এসেছে।

এদিন বেলা সাড়ে ১২টায় এসএইচএসএমসির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নির্ধারণ এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসা পেশায় সফল হতে শুধু ক্লিনিক্যাল দক্ষতাই যথেষ্ট নয়, সঠিক ক্যারিয়ার প্ল্যানিংও জরুরি। এই অনুষ্ঠান ইন্টার্ন চিকিৎসকদের ভবিষ্যৎ গঠনে সহায়ক ভুমিকা পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে এনডিএফের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদুল হোসাইন নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন,‘আসুন, আমরা দেশটাকে ভালোবাসি। এই দেশটা অবমুক্তির জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। হাজার হাজার মানুষ জীবন দেয়নি? হাজার হাজার মানুষ অঙ্গহানির শিকার হয়নি? হাজার হাজার মানুষের কিছু হারায়নি?

এখনো তো রোগী আছে—তোমাদের এখানে আছে, পঙ্গু হাসপাতালে আছে, সারা দেশেই আছে। এই ত্যাগ তখনই কাজে লাগবে, যখন আমি আমার জায়গা থেকে দেশকে সেবা করি।

আমি খুব ভালো করে বুঝি—যে দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, আর সে বলবে যে আমি দেশপ্রেমিক—এটা আমি মানতে পারবো না। মোটা দাগে আমার কথা হলো, দুর্নীতিবাজ আর দেশপ্রেমিক একসাথে যায় না।

আমি আমার চিকিৎসক ভাই-বোনদের বলি—সব ধরনের দুর্নীতি থেকে নিজেদের সরিয়ে নাও। আমি বলি—এমন কিছু যেন আপনাকে স্পর্শ না করে, যেটাতে আপনি দ্বিধাগ্রস্ত হোন। যে বিষয়টা আপনার বিবেক আপনাকে শাস্তি দেয়, সেই জায়গায় আপনি জড়াবেন না। সেটা যেই নামেই ডাকা হোক, যেভাবেই সেটা আপনার কাছে আসুক—যদি আপনার বিবেক বলে এই কাজটা সন্দেহজনক, তাহলে সেখানে যাবেন না।’

এ সময় এসএইচএসএমসি হাসপাতালের পরিচালক ডা. শফিউর রহমান এনডিএফকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের সময় ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা দেওয়ার মত কেউ ছিল না। নির্দেশনামূলক এই আয়োজন নবীন চিকিৎসকদের ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।’

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এনডিএফের সভাপতি ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএইচএসএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম, হাসপাতাল পরিচালক ডা. শফিউর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদ, ঢাকা উত্তরের এনডিএফ সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, এসএইচএসএমসি হাসপাতালের ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. এম নুরুজ্জামান খান এবং এসএইচএসএমসিএইচ বিডিএসের ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. শাহরিয়ার কাদের।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট ফিজিশিয়ান ডা. মো. জসিম উদ্দিন (মেডিসিন), অর্থোপেডিক্স বিভাগের রেজিস্ট্রার  ডা. শেখ আব্দুল্লাহ আল রাফি, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের (ডিসিআইএমসিএইচ) মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুবাইয়াত ফেরদৌস, যুক্তরাষ্ট্রের সেন্ট ম্যারি হাসপাতালের রেসিডেন্ট ডা. আল আমিন ও এসএইচএসএমসি হাসপাতাল ডেন্টাল ইউনিটের অর্থোডন্টিক্স বিভাগের প্রভাষক ডা. মো. মাহফুজ হাসান।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত