ঢাবি মেডিসিন অনুষদের ডিন অফিসের সামনে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ২০১৮-১৯ ও ২০১৯-২০ সেশনের মেডিকেল শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একাধিকবার পরীক্ষার রুটিন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ‘হঠকারী সিদ্ধান্তে’ তা বারবার স্থগিত করা হচ্ছে। এতে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
আজ সোমবার (১০ মার্চ) দুপুরে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহমেদের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ২০১৮-১৯ সেশনের এক শিক্ষার্থী জানান, তারা ২০১৯-২০ সেশনের ফাইনাল প্রফেশনাল পরীক্ষার আগে সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে দুইবার রুটিন প্রকাশ করা হলেও পরবর্তীতে তা স্থগিত করা হয়। এ কারণে পুনরায় তাদের সাপ্লি নেওয়ার দাবির পক্ষে অবস্থান নিয়েছেন তারা।
অন্যদিকে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা জানান, তাদের ডিন অফিস থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে ঈদ-উল আজহার পর ফাইনাল প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু সেটি বাতিল করে এখন মে মাসে দুই সেশন একত্রে পরীক্ষার আয়োজনের পরিকল্পনা চলছে।
শিক্ষার্থীরা আরও জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের আন্দোলনের সময় তাদেরকে জোর করে হল থেকে বের করে দেওয়া হয়েছিল, যা তাদের পড়াশোনা ও কারিকুলামের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। জুলাই আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা। এছাড়া, একইসঙ্গে দুই ব্যাচ পঞ্চম বর্ষে পড়ায় ক্লাসে সঠিকভাবে পড়ার সুযোগ পাননি তারা। এজন্য তারা জুলাই মাসে তাদের প্রফ নেওয়ার দাবি জানান।
শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে সুনির্দিষ্ট রুটিন প্রকাশ এবং পরীক্ষাসংক্রান্ত সমস্যার সমাধান চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এনএআর/
-
২৯ মার্চ, ২০২২