এপ্রিলের ৮-১০ তারিখে ফাইনাল প্রফের সাপ্লির ফল: ঢাবি ডিন
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ২০১৫-১৬ সেশনের ফাইনাল প্রফেশনাল সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল আগামী এপ্রিল মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন ঢাবির মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) রাতে মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন তিনি।
ডা. শাহরিয়ার নবী বলেন, যারা খাতা দেখেন, ‘তারা যথাসময়ে খাতা জমা দিতে পারেননি। বলা হয়েছে, ভাইবা পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে সব জমা দেওয়ার জন্য, কিন্তু পেয়েছি এক মাস পর। ফলাফল দেওয়ার সব প্রস্তুতি মোটামুটি শেষের দিকে। যদি সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেচিং হয়, চেষ্টা করবো ৮ থেকে ১০ তারিখের মধ্যে এমবিবিএস ফাইনাল প্রফের সাপ্লিমেন্টারির ফলাফল প্রকাশ করতে।’
এর আগে গত ৯ মার্চ ডা. শাহরিয়ার মেডিভয়েসকে জানিয়েছিলেন, ‘এখনও অনেক কলেজের নম্বর দেওয়া বাকি রয়েছে। এ মাস পুরোপুরি লাগবে। আশা করি, এপ্রিল মাসে ফলাফল দিতে পারবো।’