‘নামের আগে ডাক্তার লিখতে চাইলে মেডিকেলে ভর্তি হোন, ৫ বছর পড়ুন’
মেডিভয়েস রিপোর্ট: নামের আগে ডাক্তার লিখতে চাইলে মেডিকেলে ভর্তি হয়ে পাঁচ বছর ডাক্তারি পড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আজ সোমবার (১০ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অডিটোরিয়ামে ‘রমজানের তাৎপর্য শীর্ষক’ এক আলোচনা ও ইফতারে এ আহ্বান জানান তিনি।
ডিএমএফ ডিগ্রিধারীদের উদ্দেশে ডা. তাহের বলেন, ‘মেধার ভিত্তিতে ভর্তি হয়ে পাঁচ বছর ডাক্তারি পড়তে হয়। যারা ডাক্তার লিখতে চান, আপনারা মেডিকেলে ভর্তি হয়ে পাঁচ বছর ডাক্তারি পড়েন। তাহলে ডাক্তার লিখতে কারো আপত্তি থাকবে না। এখন আপনি মেধায় মেডিকেলে ভর্তি হতে পারবেন না, ডাক্তারি না পড়ে বলতে চাইবেন, আমাকে নামের পূর্বে ডাক্তার লিখতে হবে। এটা আমি মনে করি, যুক্তিসঙ্গত কোন চাহিদা না।’
তিনি আরও বলেন, ‘ডিএমএফ যদি ডাক্তারের চেয়ে সম্মানের কোন শব্দ আবিষ্কার করতে পারেন, সেটা আপনাদের সাথে লেখেন এতে ডাক্তাররা কোনো আপত্তি করবে না। কিন্তু আপনিও ডাক্তার লিখবেন আমিও ডাক্তার লিখবো মানুষ এতে বিভ্রান্ত হয়ে যাবে, কোনটা আসল ডাক্তার, কোনটা আধা ডাক্তার এবং কোনটা ডাক্তার না। ডাক্তার শব্দ নিয়ে টানাটানি করা বোধ হয় ঠিক হবে না। সুতরাং আপনারা একসাথে বসুন, শুনুন এবং যুক্তিসঙ্গত কিছু হলে মেনে নিন।’
চিকিৎসকদের পদায়নের-পদোন্নতির বিষয়ে বলেন, স্বাস্থ্য খাতে অনেক বড় বড় দুর্নীতি হয়। চিকিৎসকদের বদলি ও পদায়ন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আ্যপের মাধ্যমে বদলি ও পদায়ন দিতে হবে। তাহলে যার যখন প্রমোশন হওয়ার দরকার, যার যেদিন হওয়ার, অটোমেটিক হয়ে যাবে।
দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
প্রধান অতিথির বক্তৃতায় ডা. তাহের বলেন, ঢাকা মেডিকেল কলেজে এতে বড় আয়োজনে আগে আসার মতো পরিবেশ ছিল না, হয়নি। তাই এনডিএফকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢামেক শাখার এ আয়োজনে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল ও ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. আবু মোহাম্মদ, এনডিএফ ঢাকা দক্ষিণ শাখার সভাপতি ডা. এম. জি ফারুক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন এনডিএফ সভপিতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন, ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাজেদ আব্দুল খালেক ও ঢামেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহম্মদ।
উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নেতা ঢামেকের সাবেক জি.এস হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান নোমান, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সেক্রেটারি সার্জারি বিশেষজ্ঞ ডা. আহমেদ সামি আল হাসান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ মোখতার আহমেদ।
এমআই/এমইউ