১১ মার্চ, ২০২৫ ১০:২৫ এএম

দাবি আদায়ে আউটডোর ও চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ

দাবি আদায়ে আউটডোর ও চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পাঁচ দফা দাবি আদায়ে দেশের সব হাসপাতালের বহির্বিভাগ ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে। এ সময় রোগীদের কোনো ধরনের সেবা প্রদান করবেন না চিকিৎসকরা। একই সঙ্গে হাসপাতাল ও মেডিকেল কলেজে অ্যাকাডেমিক শাটডাউন বলবৎ থাকবে।

গতকাল সোমবার (১০ মার্চ) পাঁচ দফা বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি এ কর্মসূচি ঘোষণা দেয়।

‘ডাক্তার’ পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণাকে কেন্দ্র করে গত রোববার থেকে নতুন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। আন্দোলনের অংশ হিসেবে চিকিৎসকরা একটি নির্দিষ্ট সময় কর্মবিরতি পালন করছেন এবং মেডিকেল কলেজ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন। বুধবার (১২ মার্চ) রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে নতুন এই কর্মসূচি দিয়েছে শিক্ষার্থী ও চিকিৎসকরা।

চিকিৎসক ও শিক্ষার্থীরা বিশেষ ঘোষণায় বলেছেন, ‘আমরা খুব দ্রুত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ প্রত্যাশী। আমরা প্রধান উপদেষ্টাকে সবকিছু বলতে চাই। যদি এই প্রহসনের মামলায় আমরা ন্যায়বিচার না পাই, ডাক্তার সমাজ তীব্র প্রতিরোধ গড়ে তুলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এবং ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে।’

ঘোষণায় বলা হয়েছে, ‘আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে অ্যাকাডেমিক শাটডাউন বলবৎ থাকবে। শিক্ষার্থীরা ওয়ার্ড এবং ক্লাস থেকে বের হয়ে ফ্যাকাল্টি মেম্বার, অ্যাকাডেমিক এবং প্রশাসনিক হেডসহ (প্রিন্সিপাল ও ডিরেক্টর) বিক্ষোভে অংশ নিবেন।’

ঘোষণায় আরও বলা হয়েছে, ‘ইন্টার্ন, মিডলেভেল (সিএ, রেজিস্ট্রার, বেসরকারি এফসিপিএস ট্রেইনি রেসিডেন্ট, নন-রেসিডেন্ট) চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের সব চিকিৎসক (অধ্যাপক পর্যন্ত) কর্মবিরতিতে যাবেন ও আউটডোর বন্ধ থাকবে এবং সব চিকিৎসকের প্রাইভেট চেম্বার বন্ধ থাকবে।’

এই কর্মসূচি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

এছাড়া, বুধবার (১২ মার্চ) রায় ঘোষণার দিনে বিশেষ কর্মসূচি দিয়ে ঘোষণায় বলা হয়েছে, ‘দলমত-নির্বিশেষে সারা দেশের মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসক সমাজ একযোগে ‘ঢাকা চল’ মহাসমাবেশে যোগ দেবেন।’

চিকিৎসকদের পাঁচ দফা দাবি হলো—

১. এমবিবিএস-বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ব্যতিত অন্য কেউ নামের পূর্বে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশে ‘ডিপ্লোমা চিকিৎসক’ নামে বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন করা যাবে না, যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই‌।

২. ‘রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস-বিডিএস) ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না’—এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৩. আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনঃনির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

৪. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।

৫. অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) প্রণয়ন করতে হবে।

এসএইচবি/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত