জুলাই যোদ্ধাদের সঙ্গে পঙ্গু হাসপাতাল কর্মীদের মারামারি
মেডিভয়েস রিপোর্ট: জুলাই অভ্যুত্থানে আহতদের সঙ্গে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) কর্মীদের মারামারি ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানান নিটোরের রেজিস্ট্রার চিকিৎসক অর্থোপেডিকস অ্যান্ড ট্রমা সার্জন ডা. মো. আব্দুল কাদের নোমান।
ডা. মো. আব্দুল কাদের নোমান মেডিভয়েসকে বলেন, ‘রোববার (৯ মার্চ) রাতে ব্লাড ট্রান্সফিউশন নিয়ে আহতদের সাথে কর্মীদের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার জেরে রাতে ব্লাড ব্যাংকের কর্মী রফিককে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন কর্মীরা। এর মধ্যে তাদের ওপর ‘হামলার’ ঘটে বলে শুনেছি। এ ঘটনা নিয়ে ভর্তি আহতদের সাথে মিটিং শুরু হয়েছে।’
‘নিরাপত্তাজনিত কারণে’ নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালটির এক কর্মী তাদের ওপরে হামলার অভিযোগ জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই এই হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব চলে আসছে। আমরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি করলে তারা সেখানে হামলা চালায়।’
এমআই/এনএআর/