১০ মার্চ, ২০২৫ ০৩:০৭ পিএম

দাবি আদায়ে সনদ পোড়ালেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকেরা

দাবি আদায়ে সনদ পোড়ালেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকেরা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পাঁচ দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকেরা প্রতীকী সনদ পোড়ানো এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন। সোমবার (১০ মার্চ) কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে গণস্বাক্ষর ও বেলা সাড়ে ১১টার দিকে সনদ পোড়ানো কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনরত চিকিৎসকরা বলেন, ‘ম্যাটসের সার্টিফিকেট দিয়ে যদি চিকিৎসা দেওয়া যায়, তাহলে এমবিবিএস/বিডিএস পড়ার দরকার কোথায়। যে দেশে এমবিবিএস এবং বিডিএস না পড়ে কোর্টে রিট করার মাধ্যমে ডাক্তার হওয়া যায়, সে দেশে সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। এজন্য আমাদের এই কর্মসূচি।’

চিকিৎসকদের পাঁচ দফা দাবি হলো—

১. এমবিবিএস/বিডিএস ডিগ্রীপ্রাপ্তগণ ব্যতিত অন্য কেউ নামের পূর্বে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশে ‘ডিপ্লোমা চিকিৎসক’ নামে বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন করা যাবে না, যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই‌। 

২. ‘রেজিস্টার্ড চিকিৎসক(এমবিবিএস/বিডিএস) ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না’—এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৩. আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনঃনির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

৪. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।

৫. অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) প্রণয়ন করতে হবে।

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত