পরিচালকের পদত্যাগের দাবিতে আজও বন্ধ নিন্সের নিয়মিত অস্ত্রোপচার
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের উপর হামলার ঘটনায় পরিচালক ও যুগ্ম পরিচালকের পদত্যাগের দাবিতে আজ বৃহস্পতিবারও (১৩ ফেব্রুয়ারি) বন্ধ রয়েছে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার। জরুরি ও বহির্বিভাগের সেবা চালু থাকলেও চিকিৎসকরা বলছেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন তাঁরা।
বৃহস্পতিবার নিন্স হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ থেকে নিউরোসায়েন্সে ফিরিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। এক পর্যায়ে চিকিৎসকদের উপর হামলা করে হাসপাতালটির চতুর্থ শ্রেণীর কর্মচারী ও আউটসোর্সিংয়ের কর্মীরা। এতে তিন চিকিৎসকসহ ১০ জন আহত হন। হামলাকারীরা নিন্স পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুসারী।
এ ঘটনায় কাজী দীন মোহাম্মদসহ প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলমের পদত্যাগের দাবিতে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে জরুরি ও বহির্বিভাগের সেবা চালু থাকলেও হাসপাতালটির নিয়মিত অস্ত্রোপচার বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, চার মাসে আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাঁকে আবার নিন্সে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এই আদেশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে বুধবার সকালে হাসপাতালের ৪০২ নম্বরে কর্মসূচিতে মিলিত হন চিকিৎসকরা। সেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী আউটসোর্সিংয়ের লোকজন তাদের অবরুদ্ধ করে হামলা চালায়।
এনএআর/