০৯ জানুয়ারী, ২০২৫ ০১:১২ পিএম

ইউমবের চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক, মুখপাত্র ডা. দীপ্ত মজুমদার

ইউমবের চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক, মুখপাত্র ডা. দীপ্ত মজুমদার
ডা. মোবারক হোসাইন ও ডা. দীপ্ত মজুমদার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অব বাংলাদেশের (ইউমব) চিফ কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছেন ডা. মোবারক হোসাইন। এতদিন ইউমবের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এর মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন প্লাটফর্ম ডক্টরস ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. দীপ্ত মজুমদার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউমবের সেন্ট্রাল কোলাবরেশন টিম পুনর্গঠন বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত হয়। বুধবার (৮ জানুয়ারি) সেন্ট্রাল কোলাবরেশন টিমের সদস্য ও মিডিয়া টিম কো-অর্ডিনেটর ডা. হাসান মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইউমব তার অধিভুক্ত সকল টিমের ধারাবাহিক নেতৃত্বে স্বাস্থ্য ব্যবস্থার কল্যাণে একটি প্লাটফর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইউমবের অন্তর্গত বিভিন্ন সংগঠনের প্রধান বা সমমানের ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি সেন্ট্রাল কোলাবরেশন টিম বিদ্যমান। যা ইউমবের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। প্রতি তিন মাস পরপর এই সেন্ট্রাল কোলাবরেশন টিমের মুখপাত্র পুনর্নির্বাচিত হয়। সেন্ট্রাল কোলাবেরশন টিম পুনর্গঠন বিষয়ে গত ৭ জানুয়ারি সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ইউমবের অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য এবং সেন্ট্রাল কোলাবরেশন টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।’

এতে আরও ‍বলা হয়, ‘সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ইউমবের স্বপ্নদ্রষ্টা ডা. মোবারক হোসাইন চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আগামী তিন মাসের (জানুয়ারি-মার্চ) জন্য মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন প্লাটফর্ম ডক্টরস ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. দীপ্ত মজুমদার। একই সাথে এর সদস্য সচিব হিসেবে এক্সিস মেডিকেল স্কুলের কো-অর্ডিনেটর ডা. ইমরান বিন নাসির এবং অর্থ সম্পাদক রিদম বাংলাদেশ ট্রাস্টের প্রেসিডেন্ট ডা. এসএম মামুন নির্বাচিত হয়েছেন।’

সেন্ট্রাল কোলাবরেশন টিম পুনর্গঠন বিষয়ে জানতে চাইলে চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসাইন মেডিভয়েসেকে বলেন, ‘ইউমব একক কোনো সংগঠন না, এটি সবগুলো সংগঠনের একত্রিত রূপ। এর সেন্ট্রাল কোলাবরেশন টিমে যারা আছেন, তারা সবাই বিভিন্ন সংগঠনের নেতৃত্ব পর্যায়ের ব্যক্তি।’

তিনি বলেন, ‘ইউমবের শুরু থেকেই সবার সাথে সমন্বয়ের বিষয়টি আমিই দেখছিলাম। এখন যেহেতু ইউমবকে ভবিষ্যতে সক্রিয় রাখতে অন্তত একজন কী-পার্সন থাকা দরকার, সেহেতু সকলের সম্মতিতে আমাকে চিফ কো-অর্ডিনেটর হিসেবে রাখা হয়েছে। মুখপাত্র তিন মাস পরপর ধারাবাহিকভাবে পরিবর্তন হবে। যেহেতু একেকজনের নেতৃত্বের কোয়ালিটি একেক রকম, সেহেতু সকলেই এই উদ্যোগটিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেল।’

বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা সংক্রান্ত বিষয়ে ডা. মোবারক হোসাইন বলেন, ‘বিষয়টি এখনও মীমাংসা হয়নি। সর্বশেষ আমরা যতটুকু শুনেছি, তাতে নীতিনির্ধারকরা এ নিয়ে কাজ করছেন। তবে আমরা এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিলাম। এ জন্য এটি নিয়ে সবার সঙ্গে সমন্বয় করছি।’

ইউমবের ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত রিটটি নিয়ে কাজ চলছে। এরপর চিকিৎসকদের আরও যেসব সংগঠন আছে, সবার সাথে সমন্বয় করে কাজ করার আগ্রহ আছে। সর্বোপরি, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার সংক্রান্ত যেসব বিষয়ে সরকার এখনও ভাবছে না, সেসবের ব্যাপারে তাদেরকে সহযোগিতা করতে চাই। পাশাপাশি সরকার উদ্যোগ নিলেও বাস্তবায়ন হচ্ছে না এমন বিষয়গুলোতে চাপ প্রয়োগ করতে চাই।’

স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত পরিকল্পনাই করে চলেছে বলেও মন্তব্য করেছেন ডা. মোবারক হোসাইন। তিনি বলেন, তাদের কার্যক্রম দৃশ্যমান হওয়া দরকার।

এ বিষয়ে ইউমবের নবনির্বাচিত মুখপাত্র ডা. দীপ্ত মজুমদার মেডিভয়েসকে বলেন, ‘বাংলাদেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে চমৎকার কাজ হয়। এখানে বাংলাদেশের সবচেয়ে সবচয়ে সেরা চিকিৎসকগণ সেবা দিয়ে থাকেন। কিন্ত যথাযথ প্ল্যানিংয়ের অভাবে অ্যাকাডেমিক এবং ক্লিনিকাল পার্টগুলোর যথাযথ প্রয়োগ হয় না। প্রতি বছর আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে চিকিৎসার জন্য মানুষ যায়। এটিকে হেলথ ট্যুরিজম নামে এখন পরিচিত করানো হচ্ছে। হেলথ ট্যুরিজমের নামে আসলে প্রতি বছর বাংলাদেশের চিকিৎসকদের নামে অপতথ্য ছড়িয়ে প্রচুর অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। অথচ বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা হয়।’

তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে দেশের চিকিৎসক ছাড়া কোন গতি নেই। আমাদের স্বাস্থ্যখাতকে নতুনভাবে সাজানো জরুরি।’

ডা. দীপ্ত মজুমদার আরও বলেন, ‘ তথ্য এবং তথ্যের বিনিময়ে আমাদের সবচেয়ে কাছের বন্ধু আমাদের সাংবাদিক পেশায় জড়িত সাংবাদিকরা। কিন্তু কোন এক অদ্ভুত কারনে চিকিৎসক এবং সাংবাদিকদের মাঝে একটি দূরত্ব আছে। আমাদের এই সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত। আমরা সবাই মিলে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়তে আগ্রহী।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইউনাইটেড মেডিকেল অরগানাইজেশন অফ বাংলাদেশ (ইউমব)
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত