২২ অক্টোবর, ২০২৪ ১২:৫৭ পিএম

এবার সংবাদ সংগ্রহে বাধা ড্যাবের, মোছা হলো ফুটেজ

এবার সংবাদ সংগ্রহে বাধা ড্যাবের, মোছা হলো ফুটেজ
ছবি: আবু সাহিদ

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফসহ অন্যদের নিয়োগ ঘিরে চলমান অস্থিরতার মধ্যে গতকাল ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) চিকিৎসকদের ওপর হামলার পর এবার সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের বাধা দিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে অধিদপ্তরের সামনে তাদের অবস্থান কর্মসূচির তথ্য ও ছবি সংগ্রহের সময় ড্যাবের চিকিৎসকদের বাধার মুখে পড়েন সংবাদকর্মীরা।

ড্যাব ঘোষিত অবস্থান কর্মসূচির তথ্য ও ছবি সংগ্রহ করতে সকালে স্বাস্থ্য অধিদপ্তরে যান মেডিভয়েসের নিজস্ব প্রতিবেদক নূর এ আলম নুহাশ ও ক্যামেরাপারসন আবু সাহিদ। এ সময় কয়েকজন চিকিৎসক তাদের সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেন।

এক পর্যায়ে তাদের ওপর চড়াও হয় ড্যাব সদস্যরা। চিকিৎসকদের সঙ্গে বহিরাগতরাও এতে অংশ নেয়। এ সময় জোর করে ক্যামেরায় হাত দেওয়ার পাশাপাশি ধারণ করা বেশ কিছু ভিডিও ডিলিট করেন তারা।

ড্যাব সভাপতির দুঃখ প্রকাশ

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ।

তিনি বলেন, ‘আপনার মাধ্যমে মাত্রই কথাটা শুনলাম। খুবই অদ্ভূত লাগছে। কানকে বিশ্বাস করাতে পারছি না। এটা কে করেছে? আমি এটা দেখছি। অত্যন্ত গুরুত্বের সঙ্গে এটি দেখবো আমি।’

স্বাস্থ্য অধিদপ্তরে চলমান অস্থিরতা থামাতে দুইপক্ষের আন্তরিকতার কথা তুলে ধরেন অধ্যাপক হারুন অর রশীদ। বলেন, ‘আজকে দুই পক্ষ এখানে প্রোগ্রাম করবে। এটা আমরা আলোচনার ভিত্তিতেই ঠিক করে দিয়েছি। ড্যাব সকালে ও এনডিএফ দুপুর ১২টার পরে কর্মসূচি পালন করবে, যাতে অনাকাঙিক্ষত ঘটনা সৃষ্টি করে কেউ সুযোগ নিতে না পারে। এর মধ্যে সংবাদিকদের সঙ্গে অযাচিত আচরণের খবরটি দুঃখজনক।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত