স্বাস্থ্য অধিদপ্তরে ড্যাব-এনডিএফের ৩য় দিনের মতো পাল্টাপাল্টি অবস্থান
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফসহ অন্যান্যদের নিয়োগ ঘিরে তৃতীয় দিনের মতো অস্থির স্বাস্থ্যখাত। আজ মঙ্গলবারও (২২ অক্টোবর) অধিদপ্তরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
এদিন সকালে ডা. আবু হানিফসহ অন্যান্যদের নিয়োগ বাতিল ও শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ড্যাব। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে হেনস্তার শিকারও হতে হয় সাংবাদিকদের। অপরদিকে রোববার চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে অবস্থান নিয়েছে এনডিএফ।
এদিন বেলা পৌনে একটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন এনডিএফ সদস্যরা। এ সময় এনডিএফ নেতৃবৃন্দ চিকিৎসকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, বহিরাগত সন্ত্রাসীরা চিকিৎসকদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়েছে। তারা চিকিৎসকদের রক্তাক্ত করেছে। এটি কখনো কাম্য নয়। একজন নিউরোসার্জনের ওপর বর্বরোচিত হামলার বিচার হতে হবে।
এনডিএফ নেতৃবৃন্দ বলেন, যারা পরিচালককে (প্রশাসন) ফ্যাসিবাদের দোসর বলে আখ্যা দিচ্ছে, তারা অনেকেই বিভিন্ন সময় ফ্যাসিবাদী খুনী হাসিনার সঙ্গে দেখা করেছে। তারা নিজেরাই ফ্যাসিবাদের দোসর। তাদের এসব কর্মকাণ্ডের জবাব দিতে হবে।
এর আগে সোমবার (২১ অক্টোবর) এনডিএফের কর্মসূচিতে বাধা দেন ড্যাবের সদস্যরা। এ সময় বহিরাগতদের দিয়ে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিএসএমএমইউর নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসাইনসহ তিনজন আহত হন।
ওইদিন স্বাস্থ্য অধিদপ্তরে সদ্য নিয়োগ পাওয়া পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফসহ অন্যান্যদের যোগদানে বাধাও প্রদান করে বিএনপিপন্ত্রী সংগঠনটি।
আগের দিন রোববার স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে গেলে বাধার মুখে পড়েন ডা. আবু হানিফ। সেদিন বিক্ষোভের মধ্যে দুপুর দুইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে আসেন তিনি। তবে আন্দোলন পরিস্থিতির কারণে কার্যালয়ে না ঢুকে আবার ফিরে যান এ স্বাস্থ্য প্রশাসক।
জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা করে বর্তমান নতুন সরকার। এরই ধারাবাহিকতায় অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে নতুন করে নিয়োগ প্রদান করা হয়। এতে পরিচালক (প্রশাসন) পদে নিয়োগ পান ডা. এবিএম আবু হানিফ। কিন্তু তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ড্যাব। অপরদিকে এনডিএফের অভিযোগ, নিজ দলের না হলেই ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিচ্ছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠনটি।
এনএআর/
-
০২ জুন, ২০২৬
-
০১ জুন, ২০২৬
-
২৪ মে, ২০২৬
-
২৩ মে, ২০২৬
-
২২ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬
-
১৯ মে, ২০২৬