এবার ফারাক্কার ১০৯ গেট খুলে দিল ভারত
মেডিভয়েস রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে বাড়তে শুরু করেছে বাংলাদেশের নদ-নদীর পানি।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ময়েজ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ভারত বাঁধটি খুলে দেওয়ায় একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে।
ব্যারেজ কর্তৃপক্ষ আরও জানায়, বিহার ও ঝাড়খণ্ডে বন্যা সৃষ্টি হওয়ায় গঙ্গা নদীর পানিস্তর বেড়ে গেছে। এ জন্য ফারাক্কার ব্যারেজের খুলে দেওয়া হয়েছে। পানি না ছাড়া হলে ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে এই গেট খুলে দেওয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, ভারতের ত্রিপুরার ধলাই জেলার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ (স্ল্যাপ গেট) খুলে দেওয়ায় এবং ভারি বর্ষণের কারণে ২০ আগস্ট থেকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এই বন্যায় দেশের ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। সেগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এসব জেলার ৭৭টি উপজেলা আক্রান্ত হয়েছে। মোট ৯ লাখ ৭৯ হাজার ৯০১টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫০ লাখ ৯৩ হাজার ৫৩০।
এনএএন/