বন্যার্তদের একদিনের বেতন দিলেন কমিউনিটি ক্লিনিকের ১৪ হাজার স্বাস্থ্যকর্মী
মেডিভয়েস রিপোর্ট: টানা বৃষ্টিপাত ও ভারত বাঁধ খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১১ জেলা পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০ লাখ মানুষ। এ ছাড়া ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় ৫১ লাখ। প্রবল বন্যায় এসব ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন কমিউনিটি ক্লিনিকের প্রায় ১৪ হাজার স্বাস্থ্যকর্মী।
বন্যার্তদের পাশে দাঁড়াতে নিজেদের এক দিনের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এছাড়া, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা বন্যাদুর্গত এলাকার আশ্রয়কেন্দ্র থেকে শুরু করে বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন স্বাস্থ্যসেবা। বিতরণ করছেন জরুরি ওষুধপত্র ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। কিছু জায়গায় তৈরি খাবার ও ত্রাণসামগ্রীও বিতরণ করেছেন।
সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাহিদুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) পানিবন্দি শিশু, নারী-পুরুষ এবং জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য বিভিন্ন আশ্রয়কেন্দ্র প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় ওষুধ বিতরণ ও স্বাস্থ্যসেবা ফলোআপ করছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। চলমান পরিস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে, বন্যার্ত ভাই-বোনদের পাশে থাকতে আমাদের এক দিনের বেতন প্রদান করব।
এনএএন/