১৭ অগাস্ট, ২০২৪ ০২:১৫ পিএম

গুলিতে প্রাণ হারানো ডা. সজীব স্মরণে বিএসএমএমইউতে দোয়া

গুলিতে প্রাণ হারানো ডা. সজীব স্মরণে বিএসএমএমইউতে দোয়া
ডা. সজীব স্মরণে বিএসএমএমইউর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত ডা. সজীব সরকারসহ সকল নিহত ও আহতদের স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ আগস্ট) বিএসএমএমইউর কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর। দোয়া মাহফিলে ডা. সজীবের বাবা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়কও উপস্থিত ছিলেন।

এ সময় নিহত ডা. সজীব সরকারের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি গত ১৬ বছরে শেখ হাসিনা সরকারের দমন-পীড়নের তীব্র নিন্দা জানান চিকিৎসকরা। এ ছাড়াও সরকারের হয়ে ছাত্র-জনতার বিপক্ষে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের পদত্যাগ দাবি করেন তারা।

ডা. সজীবের বাবা হালিম সরকার বলেন, ‘রাষ্ট্র আমার নিরাপরাধ চিকিৎসক ছেলের লাশ উপহার দিয়েছে। পুরো পরিবারসহ অসুস্থ মায়ের চিকিৎসা ও দুই ভাই-বোনের পড়াশোনার খরচ সেই চালাতো। পুরো পরিবারকে সে আগলে রেখেছিল। আমার ছেলেকে নির্মমভাবে এই হত্যার ঘটনার সঠিক বিচার চাই।’

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জুবায়ের ও মাসুদ আহত ছাত্র-জনতাকে মানবিকভাবে চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া বিএসএমএমইউ ভিসির পদত্যাগের দাবির বিষয়ে চিকিৎসকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তারা।

তারা বলেন, স্বৈরাচার সরকারের ভিসি নিজ থেকে পদত্যাগ না করলে ডাক্তারদের সঙ্গে তার পদত্যাগের জন্য ছাত্র-জনতা প্রয়োজনে আবার মাঠে নামবে।

প্রসঙ্গত, গেল ১৮ জুলাই রাজধানীর আজমপুরে মাদরাসা পড়ুয়া ছোট ভাইকে আনতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. সজীব সরকার।

এনএএন/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত