২৮ মে, ২০২৪ ০৯:০৬ পিএম

প্রতিটি হাসপাতালে ডেঙ্গু কর্নার, গঠিত হয়েছে টিম 

প্রতিটি হাসপাতালে ডেঙ্গু কর্নার, গঠিত হয়েছে টিম 
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু কর্নার স্থাপনের বিষয়ে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর আজ মঙ্গলবার (২৮ মে) গণমাধ্যমকে এমন তথ্য দিয়েছেন।

এ নিয়ে হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি হাসপাতালে আলাদা করে ডেঙ্গু কর্নার করার বলে দেওয়া হয়েছে। এসব কর্নারে টিমও গঠন করে দেওয়া হয়েছে, যেখানে মেডিসিন, সার্জারি, গাইনি ও পেডিয়াট্রিকস বিভাগের চিকিৎসক সমন্বিতভাবে কাজ করবেন।

ডেঙ্গুতে বৃদ্ধ ও গর্ভবতী মহিলাদের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি জানিয়ে তিনি বলেন, তাদের ক্ষেত্রে চিকিৎসকরা যাতে সমন্বিতভাবে সেবা দিতে পারেন, সেজন্যই টিম করে দেওয়া হয়েছে।

স্যালাইনের ঘাটতি ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা লোকাল উৎপাদক ও অ্যাসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) সঙ্গে আলোচনা করেছি। হাসপাতালগুলো প্রয়োজনে যাতে নিজেরাই স্যালাইন কিনতে পারে সে অনুমতি দেওয়া হয়েছে।’

এ সময় ডেঙ্গু নির্মূল ও প্রতিরোধে সবাই সচেতন থাকার আহ্বান জানান অধ্যাপক ডা. আহমেদুল কবীর। বলেন, হাসপাতালে রোগী বেড়ে গেলেই বিপত্তি বাড়ে। রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একা সিটি করপোরেশন সবকিছু পারবে না। এই ক্ষেত্রে জনসচেতনতা অনেক গুরুত্বপূর্ণ।

ডেঙ্গু রোগীর সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার ব্যবস্থা প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের পরিচালক অধ্যাপক ডা. শাহাদাত হোসেন বলেন, টেস্টের লাইভ ডেটা সংগ্রহ করা হবে। সরকারি বেসরকারি হাসপাতাল ও ল্যাবের তথ্য সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরে আসবে। মোবাইলে ম্যাসেজের মাধ্যমে পজেটিভ বা নেগেটিভের তথ্য দেওয়া হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত