মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের সকল মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। বুধবার (১ মে) জাতিসংঘ সদর দপ্তরে জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশনে প্রদত্ত ভাষণে তিনি এ কথা বলেন।
ডা. রোকেয়া সুলতানা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জনসংখ্যা ও উন্নয়ন কর্মসূচি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত ‘প্রোগ্রাম অব অ্যাকশন’ বাস্তবায়নের মাধ্যমে সারা দেশের সকল মা ও শিশুর স্বাস্থ্য ও মঙ্গল নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আমাদের দেশের প্রতিটি মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে ৫৫০০টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করেছি এবং সার্বক্ষণিক পরিষেবা প্রদানের জন্য প্রতিটি কেন্দ্রে ৪ জন করে ধাত্রী নিয়োগের পরিকল্পনা করছি। আগামী ২ বছরের মধ্যে ২০ হাজার ধাত্রী নিয়োগ করা সম্ভব হবে বলে আমি আশা প্রকাশ করছি।
বাংলাদেশে জাতীয় কৈশোর স্বাস্থ্যবিষয়ক কৌশলপত্র (২০১৭-২০৩০) এবং এর বাস্তবায়নে গৃহীত জাতীয় কর্মপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেন ডা. রোকেয়া সুলতানা। তিনি বলেন, আমরা বাল্যবিবাহ এবং নারী ও কন্যা শিশুদের বিরুদ্ধে সহিংসতা রোধে কাজ করে যাচ্ছি। এ ছাড়া ৬ষ্ঠ থেকে ১২তম শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ৫ মিলিয়ন কিশোরীকে সরকার বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ নিয়েছে।
প্রতিমন্ত্রী মাতৃমৃত্যু ও জন্মহার হ্রাস, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নসহ স্বাস্থ্য তথ্য ব্যবস্থার ডিজিটালাইজেশন, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ স্বাস্থ্য খাতে বাংলাদেশের বিভিন্ন অর্জন তুলে ধরেন। প্রতিমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতার ঘাটতি মেটাতে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধিরও আহ্বান জানান।
মূল অধিবেশনের সাইড লাইনে অনুষ্ঠিত জাতিসংঘ জনসংখ্যা তহবিলের মাতৃমৃত্যু বিষয়ক সিগনেচার সাইড ইভেন্টে অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি দেশের প্রতিটি প্রান্তে পর্যাপ্ত ও প্রশিক্ষিত ধাত্রী নিয়োগের মাধ্যমে মাতৃমৃত্যু হ্রাসে বাংলাদেশের সাফল্য বর্ণনা করেন। এ ছাড়াও তিনি দক্ষিণ আফ্রিকা, ইউএনএফপিএ এবং পিপিডি আয়োজিত আইসিপিডি কর্মসূচি বাস্তবায়নে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুরুত্ব বিষয়ক আরেকটি সাইড ইভেন্টে অংশ নেন। এসব আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের ভাইস মিনিস্টার ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন ও ইউএনএফপিএ-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং নেদারল্যান্ডসের ভাইস মিনিস্টার কর্তৃক আয়োজিত আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়ালগ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে যোগ দেন।
প্রসঙ্গত, ২৯ এপ্রিল শুরু হওয়া জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশন আগামী ৩ মে শেষ হবে। এরপর আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশনের ৩০তম বার্ষিকী উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আগামী ১৫-১৬ মে ঢাকায় ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।
-
২৮ এপ্রিল, ২০২৬
-
১৮ এপ্রিল, ২০২৬
-
০৭ মার্চ, ২০২৬
ড্যাব ঢাকা মহানগর দক্ষিণের ইফতারে নেতৃবৃন্দ
জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছাতে সকল চিকিৎসকের যোগ্যতার প্রতিফলন জরুরি
-
০২ মার্চ, ২০২৬
বিএইচআরএফের ইফতারে স্বাস্থ্য ব্যবস্থাপক ও চিকিৎসক নেতারা
‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ায় গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি’
-
০৭ অক্টোবর, ২০২৫
বিএমইউ ও আইসিইএসসিওর যৌথ সভা
স্বাস্থ্যসেবা প্রযুক্তিনির্ভর করতে বিএমইউতে ‘স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ’