২৬ অক্টোবর, ২০২৬ ০৩:০৪ পিএম

ঢাকা মেডিকেলে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

ঢাকা মেডিকেলে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সঠিক তথ্য প্রদান এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডিরেক্টরস ট্রেনিং কমপ্লেক্সের ২য় তলায় এই সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. মেহের জাবীন।

সেমিনারে প্রধান অতিথি করা হয়েছে ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহিন। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরহাদ হোসাইন। এছাড়া অনুষ্ঠানে বিভাগের ভিবিন্ন শিক্ষক, চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

ঢামেকের রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আলীয়া শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন কনসালট্যান্ট ডা. নাজিরুম মুবিন ও ফেইজ বি রেসিডেন্ট ডা. ফারিহা নাজ মাহমুদ।

সেমিনারে ডা. মেহের জাবীন ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা, প্রতিরোধমূলক যত্ন, প্রাথমিক শনাক্তকরণ, চিকিৎসার বিভিন্ন ধাপ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নারীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি কোনো শারীরিক পরিবর্তন বা উদ্বেগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ঢামেক হাসপাতালের পরিচালক এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগ গ্রহনের জন্য রেডিথেরাপি বিভাগকে ধন্যবাদ জানান এবং ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে এবং আর্থিক সহায়তা প্রদানে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অধ্যাপক ডা. আলীয়া শাহনাজের ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি নারীস্বাস্থ্য বিষয়ে খোলামেলা আলোচনা, বিভিন্ন সংকট ও সঠিক তথ্যের প্রসার এবং প্রয়োজনের সময়ে যথাযথ স্বাস্থ্যসেবা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা মনে করেন সচেতনতা ও সহমর্মিতার মাধ্যমে নারীদের স্বাস্থ্য ও সুস্থতার পথে আরও শক্তিশালীভাবে পাশে দাঁড়ানো সম্ভব। ভবিষ্যতেও নারীস্বাস্থ্য, জনসচেতনতা এবং মানবিক সেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত