২০ মার্চ, ২০২৪ ১২:৫৯ পিএম

ফাইনাল প্রফ পরীক্ষা এগিয়ে আনার দাবি, ঢাবি ডিনের আশ্বাস

ফাইনাল প্রফ পরীক্ষা এগিয়ে আনার দাবি, ঢাবি ডিনের আশ্বাস
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৫৪টি মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে শিক্ষার্থীদেরকে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী।

মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসে অধ্যাপক ডা. শাহরিয়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করেন ২০১৮-২০১৯ সেশনের বিভিন্ন সরকারী ও বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা। এ সময় তিনি ফাইনাল প্রফ এগিয়ে আনার বিষয়ে শিক্ষার্থীদেরকে আশ্বাস দিয়েছেন। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন একাধিক শিক্ষার্থী।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা আগামী আগস্ট মাসে আয়োজনের দাবি জানিয়েছিলেন করোনায় পিছিয়েপড়া ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ২০১৮-১৯ সেশনের এক শিক্ষার্থী মেডিভয়েসকে বলেন, ‘আমরা ডিন মহাদয়ের নিকট আমাদের যৌক্তিক দাবিগুলো উত্থাপন করি। তিনি আমাদের প্রতিটি দাবি মনোযোগ সহকারে শুনেছেন এবং প্রাথমিকভাবে একমত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে, তিনি ফাইনাল প্রফেশনাল পরীক্ষা এগিয়ে আনার জন্য ঢাবি অধিভুক্ত সবগুলো মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও ফেজ - কো-অর্ডিনেটর স্যারদের সাথে অতিশীঘ্রই বসবেন। সেইসঙ্গে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিবেন।’

ডিএমসির এ শিক্ষার্থী আরও বলেন, ‘সাক্ষাৎকালে ডিন মহোদয়ের সাথে ঢাকা মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন। সম্মানিত ডিন মহোদয়ের শিক্ষার্থীবান্ধব চিন্তাকে আমরা স্বাগত জানাই।’ 

স্যার সলিমুল্লাহ মেডিকেলের ২০১৮-১৯ সেশনের এক শিক্ষার্থী মেডিভয়েসকে বলেন, ‘আমাদের মূল দাবি ছিল দুটি: ১. ২০১৮-২০১৯ সেশনের চূড়ান্ত পেশাগত পরীক্ষা আগস্ট ২০২৪ এ আয়োজন করতে হবে। ২. ২০১৮-২০১৯ সেশনের চূড়ান্ত পেশাগত পরীক্ষায় যারা অকৃতকার্য হবে তাদের নিয়ে জানুয়ারি ২৫ একটি সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন করতে হবে।’

ঢাকা মেডিকেল কলেজের আরেক শিক্ষার্থী মেডিভয়েসকে বলেন, ‘আমরা আশা করছি, ডিন মহোদয় সব ধরনের ব্যবস্থাগ্রহণ করে আগামী ১০ দিনের মধ্যে অর্থাৎ ৩০ মার্চ ২০২৪ এর মধ্যে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা মে-২০২৪ অনুষ্ঠিতব্য আগস্ট ২০২৪ লিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এবং ঢাবি অধিভুক্ত সকল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সেশনজট নিরসনে একজন যোগ্য অভিভাবক হিসেবে তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সেইসঙ্গে আমরা ডিন স্যারের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।’
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফাইনাল প্রফ
  এই বিভাগের সর্বাধিক পঠিত