১৫ মার্চ, ২০২৪ ১০:০৭ পিএম

কর্ণেল মালেক মেডিকেলে শিক্ষিকার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

কর্ণেল মালেক মেডিকেলে শিক্ষিকার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ
কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজে শিক্ষিকার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, প্রতিমা রানী বিশ্বাস নামে গাইনি বিভাগের ওই সহকারী অধ্যাপক ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ান; এমনকি একজন শিক্ষার্থীকে নিকাব খুলতেও এক সময় বাধ্য করেন তিনি। এরই ধারাবাহিকতায় গত ১৩ মার্চ গাইনি ওয়ার্ডে ক্লাস নেওয়ার সময় কারসিনোমা সারভিক্সে (জড়ায়ু মুখ ক্যান্সার) আক্রান্ত মধ্যবয়সী রোগীর স্বামী কম বয়সী হওয়ায় রাসুল (স.) ও খাদিজার (র.) বৈবাহিক সম্পর্কের প্রসঙ্গ টেনে আনেন তিনি।

এমন কার্যকলাপ ও উক্তি অগ্রহণযোগ্য উল্লেখ করে এ ঘটনায় পদক্ষেপ চেয়ে গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন করেছেন শিক্ষার্থীরা।

আবেদনটি হুবহু তুলে ধরা হলো—

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমরা কর্ণেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থী। গত কয়েক বছর যাবত এই মেডিকেলের শিক্ষিকা ডা. প্রতিমা রানী বিশ্বাস (সহকারী অধ্যাপক, গাইনী এন্ড অবস্ বিভাগ) ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে ক্লাসে শিক্ষার্থীদের দাড়ি, টুপি-পাঞ্জাবী, বোরকা, হিজাব নিয়ে কথা বলতেন; এমনকি একজন শিক্ষার্থীকে নিকাব খুলতে বাধ্য করেন। কিন্তু গত ১৩/০৩/২০২৪ইং তারিখে গাইনী ওয়ার্ডে ক্লাস নেয়ার সময় তিনি রাসূল (সাঃ) কে নিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলেছেন। উনি ওনার এক কারসিনোমা সারভিক্সের পেশেন্ট যে মধ্যবয়স্ক কিন্তু হাসবেন্ড অপেক্ষাকৃত কম বয়স্ক তার কথা বলতে গিয়ে বলেন “ঐ নবি মোহাম্মদ এর মতো আর কি, মোহাম্মদ বিয়ে করেছিল না বিবি মরিয়মকে। ... ও না, মরিয়ম না, খাদিজা। খাদিজা বিয়ে করেছিল সুন্দর ধনাঢ্য যুবক মোহাম্মদকে ... সে রকম আরকি।” কারসিনোমা সারভিক্সের পেশেন্টের হিস্ট্রির সাথে রাসূল (সাঃ) কে মেলানো উদ্দেশ্যমূলক সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে। ইসলামে চার বিয়ে নিয়েও কটুক্তি করেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশের শিক্ষিকা হিসেবে ক্লাসে ছাত্র-ছাত্রীর ধর্ম ও ধর্মীয় ব্যক্তিত্বের সম্মানে আঘাত হানে। এমন কার্যকলাপ ও উক্তি গ্রহণযোগ্য নয়।

অতএব, বিনীত নিবেদন এই যে, উপরোক্ত আলোচিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ রইলো। 

বিনীত নিবেদক
কর্ণেল মালেক মেডিকেল কলেজের সকল ছাত্র-ছাত্রী এবং ইন্টার্ণ চিকিৎসকবৃন্দ।

যা বললেন অধ্যক্ষ

দরখাস্ত ও অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন আজ শুক্রবার (১৫ মার্চ) রাতে মেডিভয়েসকে বলেন, ‘আমরা ইতিমধ্যে বিষয়টি অবগত হয়েছি। উনার (ম্যাডামের) সঙ্গে আমি কথা বলেছি। আজ তো শুক্রবার। আগামীকাল সিনিয়র টিচারদের নিয়ে বসে এ ব্যাপারে ব্যবস্থা নেবো।’

অভিযোগ প্রসঙ্গে ম্যাডাম আপনাকে কী বলেছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, ম্যাডামের সঙ্গেও কথা বলেছি। ম্যাডাম দুঃখ প্রকাশ করেছেন।’

বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে ডা. জাকির হোসেন বলেন, তারা চান না, এটি অপ্রীতিকর পর্যায়ে গড়াক।

ডা. প্রতিমা রানী বিশ্বাসের বক্তব্য

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ডা. প্রতিমা রানী বিশ্বাস আজ রাতে মেডিভয়েসকে বলেন, কলেজের অধ্যক্ষের নির্দেশের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন তিনি। ডা. প্রতিমা বলেন, ‘অধ্যক্ষ স্যার আমাকে নিঃশর্ত ক্ষমা চাইলে বলেছেন, আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি।’

তবে নিজের ব্যাপারে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন এই গাইনি বিশেষজ্ঞ। তিনি বলেন, ‘ওরা কি শুনছে, না শুনছে..., ওরা ভুল বোঝে ওটা লিখেছে। এ অভিযোগ সত্য নয়। ওদের মতো করে ওরা লিখেছে, অতিরঞ্জন।’

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত