অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ না করলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দিতে হবে। যারা বন্ধ করবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানয়িছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কক্সবাজার সদর হাসপাতাল সংলগ্ন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ইউনিয়ন হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি বেসরকারি বি ক্যাটাগরির হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই। ম্যানেজার নিজেই ধূমপান করেন। অথচ সেই হাসপাতালে রোগী এত ভর্তি হলো কী করে—সেটি খতিয়ে দেখতে হবে। এর সঙ্গে অবৈধভাবে এখানে আইসিইউতে রোগী ভর্তি রাখা হচ্ছে। অথচ আইসিইউর অনুমোদন নেই। আইসিইউ চালানোর জন্য দক্ষ লোকবলও নেই। এসব অনিয়ম এতদিন করা হলেও এখন থেকে আর কেউ পার পাবে না।’
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আইসিইউ ইউনিটে চিকিৎসারত গুরুতর অসুস্থ এক রোগীকে দ্রুত সময়ে পাশের সরকারি সদর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নেন। একইসঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করে ওই হাসপাতালে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
এরপর স্বাস্থ্যমন্ত্রী আরেকটি ঝটিকা অভিযানে কক্সবাজার সদর হাসপাতালে যান। সেখানে গিয়ে হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে চিকিৎসক, নার্সদের হাজিরা খাতা অনুযায়ী উপস্থিতি পর্যবেক্ষণ করেন। মন্ত্রী হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) মইনুল হোসেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত, তিন দিনব্যাপী কক্সবাজার জেলা স্বাস্থ্যসেবা ব্যাবস্থাপনার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গত ১৪ ফেব্রুয়ারি থেকে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।