বিভিন্ন জেলায় লাইসেন্সহীন চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ-জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: লাইসেন্সহীন না থাকা, সনদ নবায়ন না করা, চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে সারাদেশে বেশ কিছু চিকিৎসা প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। নতুন স্বাস্থ্যমন্ত্রী লাইসেন্সহীন সকল হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ দেওয়ার পর গতকাল বুধবার (১৭ জানুয়ারি) বিভিন্ন জেলায় এসব অভিযান পরিচালিত হয়।
খুলনায় ২ প্রতিষ্ঠানকে দেড়লাখ টাকা জরিমানা
চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনার জন্য খুলনায় দুই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর মোহাম্মাদনগর ও গল্লামারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে র্যাব-৬।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, ‘নগরের গল্লামারী এলাকায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ছফুরা ক্লিনিকের মালিক মো. জিয়াউর রহমানকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ১ লাখ টাকা অর্থদণ্ড এবং মোহাম্মাদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিসেস নুরুননাহারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা জরিমানার অর্থ তাৎক্ষণিক জমা দেন। এসব অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।’
এ সময় খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষাসহ র্যাব-৬ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁদপুরে হাসপাতাল সিলগালা, লাখ টাকা জরিমানা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ ও সনদ নবায়ন না করায় একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মেহের কালিবাড়ী এলাকায় বেসকারি মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র হাসপাতালে অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান।
তিনি বলেন, ‘উপজেলার সব জায়গায় নিয়মিত অভিযান চলবে এবং ত্রুটিযুক্ত, অনিয়ম ও অনুমোদনহীন সকল প্রকার ল্যাব, ক্লিনিক এবং বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, ‘মানহীন স্বাস্থ্যসেবা, মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট দিয়ে প্যাথলজি পরিচালনা, নোংরা ও অপরিচ্ছন্ন অপারেশন রুম এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন করা সনদ নবায়ন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই হাসপাতালটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।’
জেলা সিভিল সার্জন মো. সাহাদৎ হোসেন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া নতুন নির্দেশনার আলোকে অভিযান শুরু হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে হাসপাতালটি সিলগালা ও জরিমানা করা হয়েছে।’
নারায়ণগঞ্জে ১১ হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ
নারায়ণগঞ্জের মোট ১১টি হাসপাতাল-ক্লিনিকে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান।
তিনি জানান, ‘আমাদের কাছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা এসেছে। সারা জেলার মোট ২০০টি হাসপাতাল-ক্লিনিকের মধ্যে ১১টির হালনাগাদ করা হয়নি। আমরা তাদের বন্ধের নির্দেশ পাঠিয়ে দিয়েছি। তাছাড়া আমাদের তালিকার বাইরে কোনো প্রতিষ্ঠান আছে কিনা সেই বিষয়ে অভিযান চালাচ্ছি।’
এসএস/