ইউনাইটেড মেডিকেল কলেজ
এবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৫ সদস্যের তদন্ত কমিটি
মেডিভয়েস রিপোর্ট: নিবন্ধনসহ জরুরি কাগজপত্র দেখাতে না পারায় রাজধানীর সাঁতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ পরিদর্শন ও তদন্ত করতে নতুন করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
বুধবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ১৫ জানুয়ারি ‘শিশু আয়ানের মৃত্যু: ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ইউনাইটেড মেডিকেল কলেজ পরিদর্শন/তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হলো।
তদন্ত কমিটির সভাপতি হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ ও সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা) ডা. সায়মা আখতার চৌধুরীকে। এছাড়া তদন্ত কমিটির সদস্য হিসেবে আছেন, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আমীর হোসাইন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি মেডিকেল কলেজ) ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান।
অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটি বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বেসরকারি ইউনাইটেড মেডিকেল কলেজ, সাতারকুল, বাড্ডা পরিদর্শন ও তদন্ত করবেন এবং আগামী দুই কর্মদিবসের মধ্যে মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর প্রতিবেদন দাখিল করবেন।