ডা. মুহাম্মাদ সাঈদ এনাম ওয়ালিদ
চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ কলামিস্ট, জনস্বাস্থ্য গবেষক।
০৬ জানুয়ারী, ২০২৪ ১১:৫২ এএম
এডিএইচডি-অটিজম নিয়ে বিভ্রান্তি
অতিচঞ্চল শিশুর সমস্যা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাকটিভিটি ডিজঅর্ডার (এডিএইচডি) এবং শিশুদের স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধকতার (অটিজম) আচরণ নিয়ে অনেক অভিভাবক একটু বিভ্রান্তিতে পড়ে যান।
আসুন সহজে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি।
এডিএইচডির উপসর্গ
এর উপসর্গ হলো—বাচ্চা তার এটেনশন বা মনোযোগকে কোন একটি বিষয়ে স্থীর রাখতে পারবে না অর্থাৎ তার এটেনশন ডেফিসিট হয়। (Attention Deficit)। সেই সাথে শিশুটি থাকবে অস্থীর বা অতি চঞ্চল প্রকৃতির। একে বলে হাইপার একটিভিটি (Hyper Activity)।
এডিএইচডির বাচ্চাকে ডাকলে সে সাড়া দেবে। তাকে কোন কিছু নির্দেশ করলে সে তা ফলো করবে। আপনি কিছু বললে সে সেটা বুঝবে এবং আপনিও বুঝবেন, বাচ্চাটি আপনার নির্দেশনা বুঝেছে। অর্থাৎ তার ব্রেইনের পারসেপশন সিস্টেম ক্লিয়ার।
যেমন ধরুন, আপকি এডিএইচডি শিশুকে বললেন, ‘বাবু এক গ্লাস পানি দাও’ কিংবা বললেন, ‘বাবু পানির গ্লাসটা সরাও, পড়ে যাবে।’ সে আপনার কথা শুনবে এবং সেটা যথাযথ পালন করার চেষ্টা করবে। হয়তো দ্রুততা বা ক্ষিপ্রতার জন্যে বা মনোযোগ না থাকায় সেটা করতে গিয়ে, ঘটাতে পারে বিপত্তি।
অটিজমের উপসর্গ
অটিজমের বাচ্চাকে নাম ধরে ডাকলে সে জবাব দেবে না। সে বুঝেছে কি-না সেটাও বোঝা যাবে না। সে থাকবে তার আপন জগতে।
তাকে কোন কিছু নির্দেশ করলে সে সেটা পালন করবে না। ধরুন তাকে বললেন, ‘বাবু এক গ্লাস পানি দাও’ বা ‘বাবু গ্লাসটি সরাও পড়ে যাবে।’ সে আপনার এই নির্দেশনা শুনবে না, বুঝবে না এবং বোঝার চেষ্টা থাকবে না। শুধু তাই নয়, সে হয়তো গিয়ে গ্লাসটি ছুঁড়ে ফেলে দিতে পারে।
অটিস্টিক বেবি কোন একটি বিষয় নিয়ে অতি মনোযোগী থাকবে। বিষয়টি থেকে তার মনোযোগ আপনি সরাতে পারবেন না। সে সেটাই মন দিয়ে বারবার করতে থাকবে।
তার মনোযোগ সরানোর চেষ্টা করলে সে হয়তো ক্ষেপে যেতে পারে। এটা অটিজমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ‘রেস্ট্রিকটেড রিপিটেটিভ বিহেভিয়ার ওর ইন্টারেস্টের’ অংশ।
এখানে লক্ষণীয়, তার এই আচরণটি এডিএইচডির ঠিক বিপরীত।
অটিস্টিক শিশুর এই আচরণের জন্যই ক্ষেত্র বিশেষে একজন অটিস্টিক শিশু কোনো কোনো বিষয়ে এমন অসাধারণ দক্ষতা অর্জন করে, যা সাধারণ শিশুদের বেলায় একেবারে কল্পনাতীত। একে বলে অটিস্টিক সেভেন্ট (SAVANT), সেভেন্ট সিন্ড্রোম।
এএনএম/