চমেকের ক্যাজুয়ালটি বিভাগে পূর্ণাঙ্গ ট্রমা অপারেশন থিয়েটার
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে যুক্ত হলো পূর্ণাঙ্গ ট্রমা অপারেশন থিয়েটার। শনিবার (৯ ডিসেম্বর) সকালে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান এর উদ্বোধন করেন।
এর পর সকাল ১১টায় ছুরিকাহত ব্যক্তির পেটের সফল অস্ত্রোপচারের মাধ্যমে সম্পূর্ণ নতুনভাবে তৈরি এ অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হয়। এতে নেতৃত্ব দেন হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের প্রধান ডা. ঋভুরাজ চক্রবর্তী, সঙ্গে ছিলেন সার্জন্স টিমের দক্ষ সদস্যরা।
চমেক হাসপাতালের পরিচালক বলেন, ‘হাসপাতালে অনেক গুরুতর আহত রোগী আসেন। অস্ত্রোপচার প্রয়োজন হলে এতো দিন তাদেরকে হাসপাতালের সার্জারি বিভাগে নেওয়া হতো। ওই সময় সেখানে অন্য রোগীর অস্ত্রোপচার হলে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা চালানো সম্ভব হতো না। সময় ক্ষেপণ করতে হতো। এ কারণে রোগীর জীবন শঙ্কার মুখে পড়তো। এজন্য আমরা ক্যাজুয়ালটি বিভাগে অপারেশন থিয়েটার স্থাপনের চেষ্টা চালাই। এ রকম অপারেশন থিয়েটারে অনেক দামি মেশিনারিজ দরকার পড়ে। সময়ের ব্যবধানে এগুলো ব্যবস্থা করে সম্পূর্ণ নতুন রূপে পূর্ণাঙ্গ ট্রমা অপারেশন থিয়েটারটি চালু হলো।’
ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, ক্যাজুয়ালটি বিভাগে মাসে গড়ে প্রায় ১ হাজার ৮০০ রোগীর চিকিৎসা প্রদান করা হচ্ছে। এর মধ্যে গড়ে সাড়ে পাঁচশ’ রোগীর বড় ধরনের অস্ত্রোপচার করা হতো। একই বিভাগে ওটি হওয়ার ফলে তৎক্ষণিকভাবে এ বিভাগেই রোগীদের অস্ত্রোপচার করা সম্ভব হবে।
সার্জারি ও এনেসথেশিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. সাইফুল হক ও অধ্যাপক ডা. মো হারুন-উর-রশিদের সহযোগিতায় চালু হওয়া এই অপারেশন থিয়েটার বৃহত্তর চট্টগ্রামের রোগীদের নির্ভরতার প্রতীক হবে বলে সংশ্লিষ্টদের আশাবাদ।
জানতে চাইলে ক্যাজুয়ালটি বিভাগের প্রধান ডা. ঋভুরাজ চক্রবর্তী মেডিভয়েসকে বলেন, দেশে একমাত্র ঢাকা মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ ট্রমা অপারেশন থিয়েটার রয়েছে। এখানে পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটার চালু হওয়ার ফলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী ও কক্সবাজার অঞ্চলের রোগীদের স্বাস্থ্যসেবা সহজতর হবে। এটা এ অঞ্চলের ট্রমা চিকিৎসার ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি, যা রোগীদের জন্য বিরাট স্বস্তির খবর।
এএনএম/