ডা. কাজেম হত্যা: রাজশাহী বিএমএর নতুন কর্মসূচি
মেডিভয়েস রিপোর্ট: জনপ্রিয় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মো. কাজেম আলি আহমেদ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচী দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজশাহী শাখা।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজশাহী বিএমএর এক জরুরী বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এবি সিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নওশাদ আলী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৪ ও ৫ নভেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে সর্বস্তরের চিকিৎসক সমাজ। আগামী ৬ নভেম্বর পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি প্রদান করা হবে।’
এর আগে, ডা. মো. কাজেম আলি আহমেদের নিহতের প্রতিবাদে সোমবার (৩০ অক্টোবর) রাজশাহীর সকল প্রাইভেট চেম্বার বন্ধ রাখা হয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মানববন্ধন ও কালোব্যাচ ধারণ করেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, রোববার (২৯ অক্টোবর) কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ।
চিকিৎসদের একাধিক সূত্রে জানা গেছে, নগরীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কনসালটেন্ট হিসেবে নিয়মিত রোগীদের চিকিৎসা দিতেন ডা. আলী আহমেদ। প্রতিদিনের মতো রোববার রাতে রোগী দেখে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বর্ণালীর মোড়ের খানিকটা আগে রাজীব চত্বরের বিপরীত পাশে মসজিদের নিকট তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় অতর্কিতে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। শুরুতে সাধারণ ওয়ার্ডে (৫ নম্বর) ভর্তি করা হলেও পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে এর কিছুক্ষণের মধ্যে ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের কৃতি সন্তান ডা. কাজেম আলী আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন রামেকের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। পরবর্তীতে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ডার্মাটোলজিতে এফসিপিএস সম্পন্ন করেন। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ডিডিভি করেন। তিনি অল্প সময়ে কসমেটিক সার্জারিতে অভিজ্ঞতা অর্জন করেছিলেন।
এসএস
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬
-
১৫ জানুয়ারী, ২০২৬