ঢাবির জনস্বাস্থ্য বিভাগের যাত্রা শুরু
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাবলিক হেলথ বিভাগের (জনস্বাস্থ্য বিভাগ) যাত্রা শুরু হয়েছে। বুধবার (১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. আখতারুজ্জামান নতুন এই বিভাগের উদ্বোধন করেন।
জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এমরান কবীর চৌধুরীকে। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। নবপ্রতিষ্ঠিত জনস্বাস্থ্য বিভাগ থাকবে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অধীন।
উদ্বোধনের পর জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের পরিচালক ফেরদৌসী কাদরী। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ বিল্লাল হোসেন।
ভিসি আখতারুজ্জামান বলেন, জনস্বাস্থ্য বিশ্বব্যাপী খুবই আলোচিত একটি বিষয় এবং করোনা মহামারি-পরবর্তী বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। মানুষের স্বাস্থ্যসংশ্লিষ্ট সব বিষয়ের সমন্বয়েই এই বিভাগ গঠন করা হয়েছে।
টিআই/