‘গবেষকদের আর্থিক অনুদানসহ যথাযথ সুযোগ-সুবিধা দিতে হবে’
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, যারা সত্যিকারের গবেষণা করেন তাদেরকে প্রয়োজনীয় আর্থিক অনুদানসহ যথাযথ সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। যাতে করে একজন গবেষক তার গবেষণা কাজে পর্যাপ্ত সময় দিতে পারেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সব ধরনের চিকিৎসার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পঞ্চম বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএসএমএমইউর ভিসি ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গবেষণায় সামনে দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চিকিৎসা বিজ্ঞানের গবেষণা হাজার মাইল অতিক্রম করবো। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে এক হাজারেও বেশি উন্নতমানের গবেষণা কার্য সম্পন্ন করা হয়। গবেষণা কর্ম তরান্বিত করতে এই বিশ্ববিদ্যালয়ের জার্নালকে ইনডেক্সিং করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ গবেষণাসমূহকে বাংলা ভাষায় প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘বর্তমান প্রশাসনের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণায় উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক গবেষণায় বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে, যা ভালো উদ্যোগ। বর্তমান প্রশাসন গবেষণায় বরাদ্দ কয়েকগুণ বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বরাদ্দ আরও বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি।’
টিআই/এএনএম