বিএসএমএমইউতে নতুন ৩ বিভাগ চালুর অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রিপ্রোডাকটিভ এন্ড এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি বিভাগে রিজেনারেটিভ, রিকনস্ট্রাকটিভ এন্ড এআরটি বিভাগ ও জেনারেল সার্জারি বিভাগে সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
আজ শনিবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় অর্থোপেডিক সার্জারি বিভাগের স্পাইন ডিভিশন ও আর্থোস্কপি ও অর্থোপ্লাস্টি ডিভিশনে, ঢাকা মেডিকেল কলেজে স্পাইনাল নিউরো সার্জারি বিষয়ে এবং স্ট্রোক এন্ড এন্ডোভাস্কুলার নিউরোসার্জারি বিষয়ে এডভান্সড ফেলোশিপ প্রোগ্রাম চালুর বিষয়টি সিন্ডিকেট সভায় অনুমোদন হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জন্য প্রয়োজনীয় কিছু সংখ্যক শিক্ষকের পদ সৃষ্টির বিষয়টি অনুমোদিত হয়।
এ ছাড়াও একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে বিভিন্ন কোর্সের আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টিও অনুমোদন হয়।