০১ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৪৬ পিএম

গোপালগঞ্জে ৭৭৮ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা

গোপালগঞ্জে ৭৭৮ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা
মেডিকেল ক্যাম্প থেকে ৭৭৮ জন রোগীকে বিভিন্ন বিভাগ থেকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সেবা পেয়ে রোগী ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার খায়েরহাট গ্রাম ও কাশিয়ানী উপজেলা হেলথ কমপ্লেক্সে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ রোগী দেখে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে ৭৭৮ জন রোগীকে বিভিন্ন বিভাগ থেকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সেবা পেয়ে রোগী ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

জানা গেছে, অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এমবিবিএস পাস করার পর থেকেই বিভিন্ন সময়ে এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে আসছেন এবং নিজে গ্রামে-গঞ্জে রোগী দেখে আসছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএসএমএমইউ ভিসির গ্রামের বাড়িতে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।

বিএসএমএমইউ ভিসি কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময়ে সেখানকার কর্মকর্তারা হেলথ কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নের বিষয়ে তাকে অবগত করেন। একই সাথে কর্মকর্তারা চিকিৎসা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় অধ্যাপক শারফুদ্দিন আহমেদ দেশের চলমান ডেঙ্গুর ভয়াবহতা, প্রাদুর্ভাব ও প্রতিরোধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), স্থানীয় চেয়ারম্যান, কাশিয়ানীর সাংবাদিক ও হাসপাতালের সকল শ্রেণির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভা করেন।

এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাফিসা ইসলাম, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, বিএসএমএমইউর আরপি ডা. তৌফিক আহমেদ পিটু, উপ-রেজিস্ট্রার ডা. মুহাম্মদ মোস্তফা কামাল, ইউএইচএফপিও ডা. মাহামুদুল হাসান, কাশিয়ানী সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, সাবেক চেয়ারম্যান কুদ্দুসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের স্বাস্থ্যখাতসহ সকলখাতে অনেক উন্নয়ন ঘটেছে। করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রের মতো উন্নত রাষ্ট্রে ১০ লক্ষ মানুষ মারা গেছে। অথচ বাংলাদেশের মতো দেশে মাত্র ৩০ হাজার মানুষ মারা গেছে। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বাস্তবভিত্তিক নির্দেশনা ও পদক্ষেপের কারণে আমরা করোনা খুব ভালোভাবে সামাল দিয়েছি।’

তিনি আরও বলেন, কাশিয়ানী হেলথ কমপ্লেক্সের মতো ৩০ শয্যার সেন্টারগুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ শয্যায় উন্নীত করেছেন। কমিউনিটি হেলথ কমপ্লেক্স থেকে ডায়াবেটিস রোগের ওষুধ মেড ফরমিন ও ইনসুলিও গরিব রোগীদের মাঝে বিনামূল্যে দেয়া হচ্ছে। মাতৃত্বকালীন ছুটি তিন মাস থেকে ছয় মাস তিনিই বৃদ্ধি করেছেন। মাতৃত্বকালীন ভাতাও দিচ্ছেন তিনি। পিছিয়েপড়া জনগোষ্ঠীকে সামনে তুলে আনার নানান উদ্যোগ নিয়েছেন। ঘরহীনকে ঘর করে দিয়েছেন।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘সারাবিশ্বে খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে। লন্ডনের মানুষ ৩টির বেশি টমেটো কিনতে পারেন না। আমাদের কি তা করতে হয়? জননেত্রী শেখ হাসিনার কারণে দেশ উন্নত হচ্ছে। সামনে নির্বাচন। উন্নয়নের পক্ষে সবাইকে রায় দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার হয়ে আমাদের কাজ করতে হবে।’

এ হেলথ ক্যাম্প চলাকালীন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর আয়োজক ও হেলথ ক্যাম্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান।

মেডিকেল ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষুরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আফজাল মাহফুজ্জুলাহ, ডা. গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুস্মিতা ইসলাম, বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ মোস্তফা কামাল, নাক কান গল বিশেষজ্ঞ ডা. তানভির আহমেদ, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. তানজিনান আইভিন চৌধুরী, ডা. মাইদুল হাসান শিপন, ডা. শফিকুল ইসলাম এ বিশেষজ্ঞ সেবা প্রদান করেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক