ধনুষ্টঙ্কার প্রতিরোধে নারী পোশাক শ্রমিকদের ভ্যাকসিন প্রদান
মেডিভয়েস রিপোর্ট: ধনুষ্টঙ্কার প্রতিরোধে গাজীপুরে পোশাক শিল্প কারখনায় কর্মরত নারী শ্রমিকদের টিডি (টিটেনাস এন্ড ডিপথেরিয়া) টিকা প্রদান করা হয়েছে।
রোববার (২৭ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিজিএমইএ ও পোশাক শিল্প কারখানার মালিকদের সহযোগিতায় ১৫-৪৯ বছর মহিলাদের এ টিকা প্রদান করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫-৪৯ বছর বয়সী নারীর সুরক্ষায় বিনামূল্যে এই ভ্যাকসিন দিচ্ছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের দুই লাখ নারী শ্রমিককে দেওয়া হবে এই ভ্যাকসিন।
দেশের তৈরি পোশাক কারখানাগুলোর প্রায় ৮০ ভাগই নারী শ্রমিক। কর্মস্থলে সুঁই-সুতো নিয়ে কাজ করতে হয় তাদের। অসাবধানতাবসত প্রায়ই হাতে সুঁই ঢুকে যায়। অসচেতনতার কারণে অনেকেই নেন না টিটেনাস টিকা। এছাড়া নানা সীমাবদ্ধতা, লোক লজ্জার ভয়ে জরায়ুর সমস্যায় চিকিৎসা নেন না অনেক নারী শ্রমিক। এতে নারীদের একটি উল্লেখযোগ্য অংশ ধনুষ্টঙ্কার ও জরায়ুর মুখের ক্যান্সারে আক্রান্ত হন।
নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশের পাশাপাশি সুস্বাস্থ্যের কথা চিন্তা করে ধনুষ্টঙ্কার রোগ প্রতিরোধী টিডি ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে সরকারের স্বাস্থ্য বিভাগ। গাজীপুরের স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের তিন শতাধিক শ্রমিককে ভ্যাকসিনেশনের আওতায় আনার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুজ্জামান জানান, কর্মজীবী নারী শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের সুরক্ষায় কর্মস্থলে গিয়ে বিনামূল্যে প্রথম পর্যায়ে প্রায় ২ লাখ ভ্যাকসিন দেওয়া হবে।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, এরইমধ্যে ২২ হাজার নারী শ্রমিক টিকার জন্য নিবন্ধন করা হয়েছে।
টিকা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা আখতার, এমও-সিএস ডা. মো. হাবিবুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. লী শান্তা মন্ডল, স্টাইলিশ গার্মেন্টস লিমিটের চেয়ারম্যান সালাউদ্দীন আহমদ চৌধুরী ও বিজিএমই প্রতিনিধিসহ আরও অনেক সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
এএইচ
-
২৮ অগাস্ট, ২০২৩