চট্টগ্রামে চক্ষু হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তিতে ছানি অপারেশন
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ছানি অপারেশন এবং উন্নতমানের লেন্স প্রতিস্থাপন প্রক্রিয়া চলমান রয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অপারেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চক্ষু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ছানি রোগ বিভাগের বিভাগীয় প্রধান ও মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব হোসেন ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কর্নিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুজিত কুমার বিশ্বাসসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
পুরো অপারেশন প্রক্রিয়া লাইভ প্রোগ্রামের মাধ্যমে হাসপাতালের ইমরান সেমিনার হলে প্রদর্শিত হয়। হাসপাতালের চিকিৎসকগণ ও প্রশিক্ষণার্থী চিকিৎসকরা তা অবলোকন করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, উন্নতমানের প্রযুক্তি ও লেন্সের সুবিধা হলো-ছানি অপারেশনের পর কাছে ও মধ্যবর্তী দূরত্বে পড়ার জন্য চশমার প্রয়োজন হয় না। ফলে রোগীরা অপারেশনের পরই সব ধরনের দৃষ্টি উপভোগ করেন। এতে দৈনন্দিন কার্যক্রম সহজ হয়। এছাড়া এ উন্নতমানের প্রযুক্তির মাধ্যমে মানুষ চক্ষু চিকিৎসা ব্যবস্থার প্রতি আরো আস্থাশীল হবে এবং তাদের দৈনন্দিন কাজকর্ম আরো সুচারুভাবে সম্পন্ন করতে পারবেন।
চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জাফর খালেদসহ পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালে উন্নতমানের প্রযুক্তি-নির্ভর আরো চিকিৎসা চলমান থাকবে, যাতে সাধারণ মানুষ স্বল্পমূল্যে সময়োপযোগী উন্নত চিকিৎসা সেবার সুযোগ পান।
-
১২ জুলাই, ২০২৬
-
১০ জুলাই, ২০২৬