১৭ অগাস্ট, ২০২৩ ০৪:৩৮ পিএম

উপজেলায় মানসিক স্বাস্থ্য কর্নার চালুতে পথপ্রদর্শক সিলেট

উপজেলায় মানসিক স্বাস্থ্য কর্নার চালুতে পথপ্রদর্শক সিলেট
‘সকলের জন্য মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করি’ এ মূলমন্ত্রকে সামনে রেখে সিলেট জেলায় মানসিক স্বাস্থ্য কর্নার চালু।

মেডিভয়েস রিপোর্ট: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক স্বাস্থ্য সেবা কর্নার চালু মধ্য দিয়ে আরও একধাপ এগিয়েছে সিলেট জেলার স্বাস্থ্য বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৩৪০ জন রোগীকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। তৃণমূলে এ ধরনের ব্যবস্থাপনা মানসিক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

সিলেট জেলার সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার মেডিভয়েসকে বলেন, ‘দেশে মানসিক রোগীর তুলনায় মানসিক বিশেষজ্ঞ অপ্রতুল। এজন্য সাধারণ গ্র্যাজুয়েট চিকিৎসকদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে মানসিক রোগীদের চিকিৎসা ও কাউন্সিলিংয়ের জন্য তৈরি করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অন্তত উপজেলা পর্যায়ে মানসিক রোগীর চিকিৎসা সেবার কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব।’

সিভিল সার্জন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্হিবিভাগে যত রোগী আসেন, এর বড় একটি অংশ মানসিক সমস্যা নিয়ে আসেন। প্রান্তিক জনগোষ্ঠীর বেশির ভাগ নারীদের শারীরিক সমস্যার মূল কারণ মানসিক সমস্যা।  এসব রোগীদের যাতে স্বাস্থ্য কমপ্লেক্সেই সঠিক চিকিৎসা দেওয়া যায়, এজন্য গাইড লাইন তৈরি করা হয়েছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগিতায় এ গাইড লাইন তৈরি করা হয়।’

তিনি আরও বলেন, ‘বয়ঃসন্ধিকালে কিশোরী মেয়েদের অনেক সমস্যা দেখা দেয়। এ সময় কিশোরীদের মানসিক রোগ শুরুর আগে পূর্বলক্ষণ বা সূচনা শুরু হওয়ার সময়কে ‘প্রোড্রোমাল ফেজ’ বলে। বয়ঃসন্ধিকালে মেয়েদের যেমন মানসিক পরিবর্তন আসে, তেমনি আসে শারীরিক পরিবর্তন। এ সময় কিশোরীরা যাতে যে কোনো সমস্যার সঠিক সমাধান পান, তার জন্য মানসিক স্বাস্থ্য কর্নার কাজ করবে।’

দুটি উদ্দেশ্যে নিয়ে মানসিক স্বাস্থ্য কর্নার চালু করা হয়েছে জানিয়ে ডা. এস এম শাহরিয়ার বলেন, ‘এ উদ্যোগের ফলে প্রথমত উপজেলায় মানসিক রোগীদের চিহিৃত করা হবে। দ্বিতীয়ত, সাধারণ পর্যায়ের মানসিক রোগীদের চিকিৎসা ও কাউন্সিলিং করা হবে। অর্থাৎ এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব। তবে জটিল মানসিক রোগীদের রেফার্ড করতে হবে মানসিক ইনস্টিটিউট ও টারশিয়ারি লেবেলের হাসপাতালে।’ 

এ স্বাস্থ্য প্রশাসক বলেন, ‘প্রতিটি উপজেলায় যদি মানসিক বিশেষজ্ঞ দিতে চাই, সেটি আগামী ২০-২৫ বছরেও সম্ভব নয়। কারণ এ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক কম বের হচ্ছে। এজন্য বর্তমান যে চিকিৎসকরা কর্মরত আছেন, তাদেরকে দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি।’

‘এ সেবা যোগপোযোগী করতে উপজেলার চিকিৎসকদের কেন্দ্রীয়ভাবে প্রশিক্ষণের আয়োজন করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রকল্পও কাজ করছে। এ ছাড়া অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) বিভাগের প্রধান আমাদের প্রয়োজনীয় সাপোর্ট দিচ্ছেন। অসংক্রমক রোগ নিয়ন্ত্রণের যে প্রাথমিকত ওষুধগুলো আছে, সেগুলো আমরা শিগগিরই পাবো’, যোগ করেন সিভিল সার্জন।

সিলেট জেলার মানসিক কর্নার নিয়ে বুধবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, ‘সকলের জন্য মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করি’ এ মূলমন্ত্রকে সামনে রেখে সিলেট জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে, যা সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের জন্য একটি মাইলফলক।’ 

এ সেবাকে আরও গতিশীল করতে সিলেট জেলার বিভিন্ন উপজেলার চিকিৎসকদের এবং জেনারেল প্র্যাকটিশনারদের প্রাথমিক স্বাস্থ্য সেবা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য মেন্টাল হেলথ গ্যাপ অ্যাকশন প্রোগ্রাম (mhGAP) ট্রেনিং দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক রোগীদের সেবা প্রদানের জন্য একজন করে চিকিৎসককে ফোকাল পার্সন মনোনীত করা হয়েছে।

জেলার ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত মানসিক রোগীদের পূর্ণাঙ্গ তথ্য রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ করা হচ্ছে। জানুয়ারি থেকে জুলাই ২০২৩ পর্যন্ত মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে প্রায় ৩৪০ জন রোগীকে।

সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার নেতৃত্ব ও দিকনির্দেশনায়, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্তের তত্ত্বাবধানে সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট ডা.আব্দুল কাদের প্রতীকের সহযোগিতায় মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চলমান আছে।

এই সেবা কার্যক্রম আরো যুগোপযোগী করতে সিলেট জেলার স্বাস্থ্য সেবা বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকগণ নিরলসভাবে কাজ করছে।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মানসিক স্বাস্থ্য
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক