২৬ জুলাই, ২০২৫ ০১:০১ পিএম

খুবিতে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক সেমিনার

খুবিতে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক সেমিনার
ছবি: সংগৃহীত

মেডিভঢেয়স রিপোর্ট: শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের উদ্যোগে ‘উচ্চশিক্ষায় মানসিক স্বাস্থ্য: একাডেমিক ও ব্যক্তিগত প্রতিকূলতা মোকাবিলা’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়জীবনে একাডেমিক চেয়ে বেশি চাপ সৃষ্টি করে সামাজিক ও আর্থিক সংকট। এই বহুমাত্রিক চাপে হতাশা তৈরি হয়, যা আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়।’

তিনি আরও বলেন, সম্পর্কের সংকট থেকে একাকিত্ব আসে, যা মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে এবং মানসিক সমস্যায় নিমজ্জিত করে। এর থেকে মুক্ত থাকতে হলে পরিবার, বন্ধু ও শিক্ষকদের সঙ্গে খোলামেলা আলোচনা করার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে অবিচল থাকার ওপরও গুরুত্বারোপ করেন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে এমন আয়োজন করায় আইন ডিসিপ্লিনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর শেখ মাহমুদুল হাসান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন প্রফেসর পুনম চক্রবর্ত্তী, স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক এস. এম. হায়াত মাহমুদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম ‘মাইন্ডউইজ’-এর প্রতিষ্ঠাতা ও চিফ সাইকোলজিস্ট ফয়সাল আহমেদ রাফি। তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও করণীয় বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী জেসিয়া হোসেন জেরিন ও শুভ্রদেব সিং।

সেমিনারে আইন ডিসিপ্লিনের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত