২৫ অক্টোবর, ২০২৬ ০৯:৩৪ এএম

উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকি কি শৈশবেই বোঝা যায়, যা বলছে গবেষণা

উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকি কি শৈশবেই বোঝা যায়, যা বলছে গবেষণা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মাথার খুলির ভেতরে সুরক্ষিত এবং শরীরের সমস্ত কাজকর্ম, চিন্তা, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণকারী বস্তুর নামই মস্তিষ্ক। শিশুর মস্তিষ্কের গঠন দেখে কি আগে থেকেই বোঝা সম্ভব, বড় হওয়ার পর তার উদ্বেগ বা বিষণ্নতা দেখা দিতে পারে কি না?

যুক্তরাষ্ট্রের শিশু-কিশোরদের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের বিকাশের কিছু বৈশিষ্ট্যের সঙ্গে পরবর্তী সময়ে এসব মানসিক সমস্যার লক্ষণের সম্পর্ক থাকতে পারে। এমনকি লক্ষণ দেখা দেওয়ার কয়েক বছর আগেও মস্তিষ্কের কিছু বৈশিষ্ট্যে এর ইঙ্গিত পাওয়া যেতে পারে।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকেরা প্রায় ১২ হাজার শিশু-কিশোরের মস্তিষ্কের বিকাশ পর্যবেক্ষণ করেছেন। ছয় বছর ধরে প্রায় ৩০ হাজার মস্তিষ্কের স্ক্যান বিশ্লেষণ করে তারা দেখেছেন, মস্তিষ্কের বাইরের স্তর বা কর্টেক্সের পুরুত্ব যেভাবে বদলায়, তার সঙ্গে পরবর্তী সময়ে উদ্বেগ ও বিষণ্নতার লক্ষণের সম্পর্ক থাকতে পারে।

গবেষণাটির ফলাফল গত ১১ অক্টোবর বায়োআর্কাইভে প্রকাশ করা হয়।

বয়সের সঙ্গে বদলায় মস্তিষ্ক

শিশুরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মস্তিষ্কের গঠনেও পরিবর্তন আসে। মস্তিষ্কের বাইরের স্তর কর্টেক্স ধীরে ধীরে পাতলা হতে থাকে। তবে মস্তিষ্কের সব অংশে এই পরিবর্তন একই সময়ে ঘটে না।

গবেষণায় দেখা গেছে, প্রথমে বিকশিত হয় মস্তিষ্কের সেই অংশগুলো, যেগুলো দেখা ও শোনার মতো ইন্দ্রিয়ের তথ্য বুঝতে সাহায্য করে। অন্যদিকে চিন্তাভাবনা, পরিকল্পনা ও আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত অংশগুলোর বিকাশ ঘটে তুলনামূলক পরে।

মস্তিষ্কের বিকাশের সময় কিছু স্নায়ু-সংযোগ বাদ পড়ে যায়। এর ফলে মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগের ধরন বদলে যায়। তবে মস্তিষ্কের এই পরিবর্তনের সঙ্গে মানসিক সমস্যার ঝুঁকির সম্পর্ক কী, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

গবেষকেরা দেখেছেন, ১৩ বছর বয়সে মস্তিষ্কের ইন্দ্রিয়সংক্রান্ত কিছু অঞ্চলে কর্টেক্স পাতলা হওয়ার গতি কমতে শুরু করে। পরে একই পরিবর্তন মস্তিষ্কের সামনের দিকের অংশগুলোতেও দেখা যায়। এসব অংশ চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেওয়া ও আচরণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৬ বছর বয়সে এসব অঞ্চলেও কর্টেক্স পাতলা হওয়ার গতি কমতে দেখা গেছে।

গবেষণায় আরও দেখা যায়, মেয়েদের ক্ষেত্রে মস্তিষ্কের প্রায় সব অঞ্চলে কর্টেক্স পাতলা হওয়ার গতি ছেলেদের তুলনায় বেশি ছিল।

মস্তিষ্কের গঠনে মিলেছে ইঙ্গিত

গবেষণায় দেখা গেছে, ৯ বছর বয়সে যেসব শিশুর মস্তিষ্কের কিছু অংশের বাইরের স্তর তুলনামূলক পুরু ছিল, ১৩ বছর বয়সে তাদের মধ্যে উদ্বেগ ও বিষণ্নতার লক্ষণ দেখা গেছে।

মস্তিষ্কের সামনের দিকের অংশেও একই ধরনের সম্পর্ক দেখা গেছে। ১১ বছর বয়সে প্রি-ফ্রন্টাল কর্টেক্সের বাইরের স্তর তুলনামূলক পুরু থাকা শিশুদের ক্ষেত্রে ১৩ বছর বয়সে উদ্বেগ ও বিষণ্নতার লক্ষণ পাওয়া গেছে। মস্তিষ্কের এই অংশ চিন্তাভাবনা, পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়ার মতো কাজে সাহায্য করে।

অর্থাৎ, শৈশবে মস্তিষ্কের কিছু অংশের গঠনের সঙ্গে পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক থাকতে পারে। তবে এর মানে এই নয় যে, এসব বৈশিষ্ট্য থাকলেই কোনো শিশুর উদ্বেগ বা বিষণ্নতা দেখা দেবে।

গবেষকেরা মস্তিষ্কের এসব অঞ্চলের সঙ্গে কিছু জিনের কার্যক্রমেরও মিল পেয়েছেন। এসব জিন জন্মের আগেই সক্রিয় থাকে। এ থেকে ধারণা করা হচ্ছে, গর্ভকালীন সময়ে মস্তিষ্কের বিকাশে জিনের ভূমিকার সঙ্গে পরবর্তী সময়ে মানসিক সমস্যার ঝুঁকির সম্পর্ক থাকতে পারে। তবে এই সম্পর্ক কীভাবে তৈরি হয়, তা বুঝতে আরও গবেষণা প্রয়োজন।

এখনই ঝুঁকি নির্ধারণ সম্ভব নয়

গবেষণাটি শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মস্তিষ্কের গঠন ও মানসিক সমস্যার লক্ষণের মধ্যে সম্পর্ক পাওয়া গেলেও তা দিয়ে কোনো নির্দিষ্ট শিশুর ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া যায় না।

গবেষক জশুয়া রফম্যান ও আবরাম হোমস এ গবেষণায় কাজ করেছেন। হোমসের মতে, মস্তিষ্কের গঠন ও মানসিক সমস্যার লক্ষণের মধ্যে পাওয়া সম্পর্কের প্রভাব তুলনামূলক কম। তাই শুধু মস্তিষ্কের স্ক্যান দেখে কোনো শিশুর ভবিষ্যতে উদ্বেগ বা বিষণ্নতা দেখা দেবে কি না, তা নির্ভরযোগ্যভাবে বলা সম্ভব নয়। এ কারণে চিকিৎসাক্ষেত্রেও এখনই এই গবেষণার ফলাফল ব্যবহার করে কোনো শিশুর মানসিক সমস্যার ঝুঁকি নির্ধারণ করা যাবে না।

গবেষক বিয়াত্রিস লুনা বলেন, মস্তিষ্কের কোনো অংশের বাইরের স্তর তুলনামূলক পুরু থাকার অর্থ হতে পারে, ওই অংশের বিকাশ কিছুটা ধীরগতিতে হচ্ছে। এর সঙ্গে নতুন অভিজ্ঞতা থেকে শেখা এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতার সম্পর্ক থাকতে পারে। তবে এটি এখনো একটি সম্ভাব্য ব্যাখ্যা।

সব মিলিয়ে, শৈশবে মস্তিষ্কের বিকাশের কিছু বৈশিষ্ট্যের সঙ্গে বড় হওয়ার পর উদ্বেগ ও বিষণ্নতার লক্ষণের সম্পর্ক থাকতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। তবে শুধু মস্তিষ্কের গঠন দেখে কোনো শিশুর ভবিষ্যৎ মানসিক স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক