২৭ জুলাই, ২০২৩ ০৪:২৮ পিএম
ডেঙ্গু শনাক্তে

জ্বর হলেই ‘এনএস ওয়ান’ পরীক্ষা করতে হবে: বিএসএমএমইউ ভিসি

জ্বর হলেই ‘এনএস ওয়ান’ পরীক্ষা করতে হবে: বিএসএমএমইউ ভিসি
ভিসি বলেন, ডেঙ্গু হলেই সব রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে এমন নয়। চিকিৎসক যে রোগীকে ভর্তির পরামর্শ দিবেন তিনিই হাসপাতালে ভর্তি হবেন।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত কিনা জানতে জ্বর হলেই এনএস-ওয়ান পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে (অনকোলজি বা ক্যান্সার ভবন) ২৮ শয্যার নতুন ডেঙ্গু কর্নারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। 

বিএসএমএমইউ ভিসি বলেন, ডেঙ্গু হলেই সব রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে এমন নয়। চিকিৎসক যে রোগীকে ভর্তির পরামর্শ দিবেন তিনিই হাসপাতালে ভর্তি হবেন।

তিনি জানান, সাধারণ জরুরি বিভাগ, ইন্টারনাল মেডিসিন বিভাগ, শিশু বিভাগে কেবিন, ই-ব্লক, এইচডিইউতে ইতোমধ্যে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় আজকে এফ ব্লকে নতুন ডেঙ্গু কর্নার চালু করা হলো। বর্তমানে মোট ৬০ শয্যার ডেঙ্গু ডেঙ্গু কর্নার চালু রয়েছে। তবে আজকের ২৮ শয্যা নিয়ে ডেঙ্গু রোগীদের জন্য মোট শয্যা সংখ্যা ৮৮ তে উন্নীত হয়েছে। প্রয়োজনে শয্যা সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। বর্তমানে ভর্তি আছেন ৫৫ জন ডেঙ্গু রোগী। প্রতিদিন এই বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে অনেক ডেঙ্গু রোগীকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘করোনা মহামারীর সময়ে দেশে যেমন রোগীদের চিকিৎসা সেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মুখ্য ভূমিকা রেখেছে, ডেঙ্গুতেও সেই ভূমিকা রাখছে। তবে ডেঙ্গু প্রতিরোধে মশার লার্ভা ধ্বংসে অধিকতর গুরুত্ব দিতে হবে। বছরের তিন চার মাস নয়, মশা নিধনে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করতে হবে। মশার প্রজনন ও বিস্তার রোধ করতে বর্তমান অবস্থায় প্রয়োজনে পাড়া, মহল্লা, ওয়ার্ডে কমিটি গঠন করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা। এই কাজ শুধু সরকারের একার নয়, আমাদের সবার। তাই সবাইকে মশা নিধন এবং মশার প্রজনন ও বিস্তার রোধে এগিয়ে আসতে হবে। তবেই আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো। কারণ হাসপাতালের শয্যা বৃদ্ধি আসল সমাধান নয়। প্রকৃত সমাধান হলো, মশা নিধন ও মশার কামড় থেকে নিজেদেরকে রক্ষা করতে সচেতন হওয়া।’

তিনি বলেন, এখন আমাদেরকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে। নিজের ঘর নিজে পরিস্কার রাখবো। ছাদ পরিস্কার রাখবো। কোথাও পানি জমতে দেবো না, প্লাস্টিকের পাত্রে পানি জমার সুযোগ দেবো না। স্কুলের ছাত্র-ছাত্রীদের ফুল হাত, ফুল পা জামা ও মোজা ব্যবহার করতে হবে। স্কুল কলেজ পরিস্কার রাখতে হবে। বাসায় সবাইকে মশারি ব্যবহার করতে হবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত