১৬ জুলাই, ২০২৩ ০৫:৩২ পিএম

ভাতা বৃদ্ধির বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত: বিএসএমএমইউ ভিসি

ভাতা বৃদ্ধির বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত: বিএসএমএমইউ ভিসি
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত প্রশিক্ষণার্থী চিকিৎসকদের দ্রুত সুসংবাদ দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ রোববার (১৬ জুলাই) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে ডেঙ্গু বিষয়ক আলোচনায় এ কথা বলেন তিনি।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘ভাতা বৃদ্ধির দাবিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা আন্দোলন করছেন। এই টাকা সরকার থেকে আসে। সরকার টাকা দিলে আমরা তাদের দিয়ে দিই। আমরা সরকারের কাছে বাড়ানোর জন্য বলেছি।’

তিনি আরও বলেন, ‘সরকার এটি পর্যবেক্ষণ করছে। যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। সব কিছুর জন্য সময় লাগে। কিন্তু তারা তা মানছে না। গতকাল তারা ঘোষণা দিল, আজকে সকালে অবস্থান ধর্মঘট পালন করছে। এখন বলছে তারা যাবে না। এই বিষয়গুলো গ্রহণযোগ্য নয়। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি। আশা করি, দ্রুত সময়ে সুসংবাদ দিতে পারবো।’

একই অনুষ্ঠানে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবির সঙ্গে একমত পোষণ করেন।

বিএমএ সভাপতি বলেন, ‘প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবির সাথে আমাদের কোনো দ্বিমত নেই। এটি বাস্তবায়ন হোক তা আমরাও চাই, ভাতা বাড়ানো সময়সাপেক্ষ বিষয়। সরকার বলছে, এর জন্য কিছুটা সময় দিতে হবে। প্রধানমন্ত্রী নিজে তাদের আশ্বাস দিয়েছেন। ভাতার বাড়ানোর বিষয়টি একটি প্রক্রিয়ার বিষয়। এটি প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে সংস্থাপন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে পাস হওয়ার পর এটির গেজেট প্রকাশ করা হবে৷ এখানে সময়ের বিষয়ে রয়েছে।’

প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও তারা মানলো না উল্লেখ করে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, এটি ঠিক নয়। 

তিনি বলেন, ‘জাতীয় সংগঠন হিসেবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে তারা আলাপ আলোচনা করেনি। তারা কর্মসূচি পালন করেছে। তাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী নিজে তার অ্যাসিস্ট্যান্ট সহাকারীকে দিয়ে তাদের সাথে কথা বলেছেন। তিনি তাদের বলেছেন, প্রধানমন্ত্রী তাদের দাবির বিষয়ে দেখবেন। দেখে উনি ঠিক করবেন। কিন্তু সময়টা তো লাগবে। তারা কারোর কথাই না শুনে নিয়মিত রাস্তায় মিছিল সমাবেশ করছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক