১১ জুন, ২০২৩ ১২:৩৩ পিএম

ভাতা বৃদ্ধির কার্যকর পদক্ষেপ চান উচ্চতর প্রশিক্ষণার্থী চিকিৎসকরা

ভাতা বৃদ্ধির কার্যকর পদক্ষেপ চান উচ্চতর প্রশিক্ষণার্থী চিকিৎসকরা
চিকিৎসকরা ভালো না থাকলে, রোগীরা ভালো সেবা পাবেন না বলে জানান প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

মেডিভয়েস রিপোর্ট: ২০ হাজার টাকা ভাতায় মানবেতর জীবন যাপন করছেন বলে জানান পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।  তারা বলেন, ভাতা বৃদ্ধির দাবিতে বার বার মানববন্ধন করে দাবি জানানো হলেও আজ পর্যন্ত সাড়া দেয়নি কর্তৃপক্ষ।

আজ রোববার (১১ জুন) সকাল ১১ টায় বিসিপিএসের সামনে প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের আয়োজিত মানববন্ধনে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা এসব কথা বলেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মেজর (অব) আব্দুল ওহাব মিনার। এতে অংশ নেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে উচ্চতর কোর্সে অধ্যয়নরত চিকিৎসকরা।

তারা বলেন, ‘দাবি নিয়ে সবার দ্বারে দ্বারে ঘুরছি, কেউ সাড়া দিচ্ছে না। এতে দেশের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। আমরা ভালো না থাকলে, চিকিৎসা সেবা দিবো কিভাবে। বর্তমানে যে ভাতা প্রদান করা হয়, তা দিয়ে জীবন নির্বাহ করা খুবই কষ্টকর। এই মানবেতর জীবন থেকে আমরা মুক্তি চাই।’

চিকিৎসকরা জানান, ‘তিন দফা দাবি আদায় না হলে আগামী ১৩ জুন (বুধবার) থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে যাব। ১৪ তারিখ স্বাস্থ্য মন্ত্রনালয়ে অবস্থান কর্মসূচি পালন করারও ঘোষণা দেন তারা।’

পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের তিন দফা দাবি হলো, ভাতা ২০ হাজার থেকে উন্নীত করে ৫০ হাজার করতে হবে, বকেয়া ৯ মাসের ভাতা পরিশোধ করতে হবে ও নিয়মিত ভাতা প্রদান করতে হবে।

মানববন্ধনে উপস্থিত পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসক মাহমুদা রহমান বলেন, ‘আমরা বিএসএমএমইউ ভিসি, চিকিৎসকদের সকল সংগঠনের দ্বারে দ্বারে ঘুরছি। তারা শুধু আশার বাণী শুনিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো কার্যকরি পদক্ষেপ নেয়নি।  আমরা আর মিথ্যা আশ্বাস চাই না। আমরা লিখিত আশ্বাস চাই, ভাতার বৃদ্ধির প্রজ্ঞাপন চাই।’

ডা. আল মামুন সরকার বলেন, ‘২০২২-২৩ বছরের বাজেট থেকে ২৪ হাজার ৬৯৮ কোটি টাকা ফেরত গেছে। আমাদের ৫০ হাজার টাকা দিলে সরকারের  বাড়তি খরচ ৫৭০ কোটি টাকা মাত্র। এটা সরকারের জন্য কোনো কিছুই না।’

তিনি বলেন, ‘আমরা সারাদেশে সেবা দিয়ে থাকি, তাহলে সরকার কেনো আমাদের সাথেএমন করছে। চিকিৎসকরা ভালো না থাকলে ভালো সেবা রোগীরা পাবে না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রাশেদা সুলতানা, ‘আমাদের ভালো জীবন যাপনের জন্য ৫০ হাজার টাকা করা অস্বাভাবিক কোনো চাওয়া না। আমরা ভালো না থাকলে সেবা দিতে পারব কীভাবে।  গত বছরের বাজেট থেকে ৬৭ শতাংশ টাকা ফেরত গেছে।  এখানে এই দাবিটা অযৌক্তিক নয়।’

প্রধান অতিথির বক্তব্যে মনোরোগ বিশেষজ্ঞ কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মেজর (অব) আব্দুল ওহাব মিনার বলেন, ‘এসব চিকিৎসকদের যে মুহূর্তে হাসপাতালে থাকার কথা ছিলো, সেই মুহূর্তে তারা দাবি আদায়ে মানববন্ধন করতে হচ্ছে। এতে রোগীরা হাসপাতালে কষ্ট পাচ্ছেন। চিকিৎসকের পাশে যাদের থাকার কথা ছিলো, তারা এখন গর্তে লুকিয়ে আছেন। ভাতা বৃদ্ধি না হওয়া পর্যন্ত এই আন্দোলন ধারাবাহিক ভাবে চলতেই থাকবে।’

তিনি আরও বলেন, ‘দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির বিকল্প নেই। সোমবারের (১২ জুন) পর কর্মবিরতিতে যাবেন এই পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা। যে ২০ হাজার টাকায় চলতো পারেন, সে বিনা টাকায় চলতে পারেন। দরকার হলে এই ডাক্তাররা অন্য কিচু করে খাবেন।’

টিআই/এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক