ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিএসএমএমইউ প্রো-ভিসির শুভেচ্ছা বিনিময়
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে টানা দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন।
আজ রোববার (২৮ মে) সকালে ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে শুভেচ্ছা বিনিমিয় ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এর আগে গত ২৫ মে প্রথম মেয়াদ শেষ হওয়ার দিনে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
অধ্যাপক কাজী শহীদুল্লাহ ১৯৬৭ সালে রাজধানীর সেইন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। এরপর ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি এবং একইসাথে তিনি বোর্ডের মেধা তালিকায় ১ম স্থান অর্জন করেন। প্রথম স্থান অর্জনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৭২ সালে বিএ (অনার্স) এবং ১৯৮৩ সালে এমএ ডিগ্রি লাভ করেন তিনি। পরবর্তীতে অধ্যাপক শহীদুল্লাহ কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এমএ এবং ১৯৮৪ সালে পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে তাঁর শিক্ষক জীবন শুরু করেছিলেন ১৯৭৬ সাল। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে। বিভিন্ন প্রশাসনিক সক্ষমতাতেও এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন তিনি। এরপর তিনি ইতিহাস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত।
একইসাথে ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি টানা তিনবার কলা অনুষদের নির্বাচিত ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্যও ছিলেন। টানা দশ বছর তিনি সিন্ডিকেট নির্বাচনে বিজয় লাভ করেন। এ ছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব সামলেছেন ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত।
এসএস