০২ মার্চ, ২০২৩ ০২:০৯ পিএম

বাংলাদেশের চক্ষু চিকিৎসা-গবেষণার উন্নয়নে পাশে থাকবে টোকিও বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের চক্ষু চিকিৎসা-গবেষণার উন্নয়নে পাশে থাকবে টোকিও বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের চক্ষু চিকিৎসা ও গবেষণার উন্নয়নে টোকিও বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের চক্ষু চিকিৎসা ও গবেষণার উন্নয়নে পাশে থাকার কথা জানিয়েছে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়।

আজ বৃহস্পতিবার (২ মার্চ ) সকালে এ কথা জানান জাপানে সফররত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এর আগে বুধবার (১ মার্চ) জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকোতো আইহারা'র সঙ্গে বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিএসএমএমইউ’র চক্ষুবিজ্ঞান বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও ইউনিভার্সিটি অব টোকিও'র পিএইচডি ফেলো ডা. তাজবীর আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময়ে বিএসএমএমইউ‘র ভাইস-চ্যান্সেলর বাংলাদেশের চক্ষু চিকিৎসা ও গবেষণার উন্নয়নে আন্তর্জাতিক কিউএস র‌্যাংকিং-এ ২৩ নম্বরে অবস্থান করা টোকিও বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করার আশা ব্যক্ত করেন। একইসঙ্গে রেসিডেন্টদের যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিতকল্পে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে বিএসএমএমইউ-এর শিক্ষকদের সাথে জাপানিজ শিক্ষকদের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা গ্রহণ করার কথা জানান।

টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইহারা বাংলাদেশী চক্ষু চিকিৎসকদের প্রশংসা করেন এবং সাম্প্রতিক সময়ে প্রকাশিত বাংলাদেশী চিকিৎসকদের আন্তর্জাতিক মানের বেশ কিছু আর্টিকেল সম্বন্ধে আলোকপাত করেন। তিনি ক্লিনিক্যাল রিসার্চের পাশাপাশি মৌলিক গবেষণার ব্যাপারেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন এবং বিএসএমএমইউকে চক্ষু গবেষণা, রেসিডেন্সি কারিকুলামের মানোন্নয়ন ও শিক্ষকদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ প্রদানের ব্যাপারে সম্মত হন।

সৌজন্য সাক্ষাতের পর বিএসএমএমইউ ভিসি টোকিও বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল, বহির্বিভাগ, অন্তর্বিভাগ, চক্ষুবিজ্ঞান বিভাগের গবেষণাগার, সেল কালচার ল্যাব, জেনেটিক ও এনিম্যাল রিসার্চ সেন্টার, মেডিকেল ও জেনারেল লাইব্রেরি, ক্যান্টিন, জিমনেসিয়াম, কো-অপ শপ, বিখ্যাত আকামন ও ইয়াসুদা অডিটোরিয়াম ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নথিবদ্ধ করেন।

উল্লেখ্য, এ সময়ে বিএসএমএমইউ'র ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ 'কালার ব্লাইন্ড টেস্ট'-এর উদ্ভাবক শিনোবু ইশিহারা বোর্ড পরিদর্শন করেন এবং জাপানিজ অপথালমোলজিকাল সোসাইটির বেশ কয়েকজন কার্যকরী সদস্যের সাথে যৌথ বৈজ্ঞানিক সম্মেলন আয়োজনের ব্যাপারে একমত হন। এছাড়াও চক্ষু রেসিডেন্সি কোর্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময়ে তিনি আশা ব্যক্ত করেন, রেসিডেন্সি কোর্সের ধারাবাহিক মানোন্নয়নের মাধ্যমে বাংলাদেশী মেধাবী রেসিডেন্ট চিকিৎসকদের আরও দক্ষ ও আদর্শ গবেষক হিসেবে তৈরি করা সম্ভব। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত